গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেনের বিরুদ্ধে বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযোগে সোহেল নামে ওসির এক সহযোগীকেও অভিযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী তরুণী ও তাঁর পরিবারের অভিযোগ, লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে ওসি ও তাঁর সহযোগীরা তাঁদের হুমকি দিচ্ছেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।
অন্যদিকে, অভিযোগ দেওয়ার প্রায় দেড় মাস পার হলেও বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র।
লিখিত অভিযোগে তরুণী জানান, প্রায় দেড় বছর আগে ওসি ইফতেখার হোসেন কাশিমপুর থানায় কর্মরত থাকাকালে ব্যক্তিগত একটি অভিযোগ নিয়ে তিনি থানায় যান। এ সময় ওসি তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালে ওসি নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন।
তরুণীর অভিযোগ, সম্পর্কের একপর্যায়ে ওসি তাঁকে বন্ধু সোহেলের বাসায় নিয়ে যেতেন। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করতেন। এ কাজে সোহেল সহযোগিতা করতেন এবং ওসির সঙ্গে দেখা করানোর জন্য তাঁকে নিয়ে যেতেন। নিজের বাসাও এ কাজে ব্যবহার করতে দিতেন সোহেল।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের জন্য চাপ দিলে ওসি তাঁকে পাঁচ বছর অপেক্ষা করতে বলেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। বিষয়টি জানার পর ওসির বাবা ফোন করে তরুণীর পরিবারের আর্থিক অসচ্ছলতা নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদ করায় ওসি তাঁকে গালিগালাজ, মানসিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন ওই তরুণী।
তরুণীর দাবি, গত ১১ সেপ্টেম্বর ওসি তাঁর বন্ধু সোহেল ও কথিত এক আত্মীয়কে তাঁর বাসায় পাঠান। তাঁরা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাঁর মোবাইল ফোন নিয়ে যান এবং ওসির বিরুদ্ধে থাকা কল রেকর্ড ও বার্তা মুছে ফেলেন।
এ ছাড়া ওসি তাঁর মা-বাবার কাছে বার্তা পাঠিয়ে তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার পরামর্শ দেন এবং বিয়ের জন্য কিছু টাকা দেওয়ার প্রস্তাব দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী তরুণী বলেন, কমিশনারের কাছে অভিযোগ দেওয়ার পর থেকে ওসি তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দিচ্ছেন। নিরাপত্তাহীনতার কারণে বাসা থেকে বের হতেও ভয় পাচ্ছেন তিনি। এ ঘটনায় ওসি ইফতেখার হোসেন ও তাঁর সহযোগী সোহেলের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি মো. ইফতেখার হোসেন। তিনি বলেন, ‘এগুলো সব কথা মিথ্যা।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। এটা তদন্তে আছে। অভিযোগ পাওয়ার পর একজন অফিসার নিয়োগ করা হয়েছে। তিনি তদন্ত করে প্রতিবেদন দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’




