বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানিতে দীপের আইনজীবী আদালতকে জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তার মক্কেল তদন্তসংশ্লিষ্ট সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। তবে রিমান্ডে নেওয়ার পর চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা বলা হলেও কাউকে জোর করে স্বীকারোক্তি আদায়ের সুযোগ নেই। আসামির মানসিক অবস্থার বিষয়টিও বিবেচনায় নেওয়ার আবেদন জানান তিনি। পরে সার্বিক দিক বিবেচনায় দীপের জামিন প্রার্থনা করেন।
এর আগে তিন দিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করে পুলিশ। পুলিশের আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে ঘটনার দিন তাহসিফের সঙ্গে ঘোরাফেরা, বিভিন্ন স্থানে যাওয়া এবং রেস্টুরেন্টে খাওয়াদাওয়ার বিষয়ে তথ্য দিয়েছেন দীপ। তবে হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। পরে তারা একটি মোটরসাইকেল গ্যারেজে যান। এরপর জেরিকা তাসনিম দিশাকে সঙ্গে নিয়ে রাজধানীর সিপি ফাইভ স্টারে নাশতা করেন। রাতে তারা উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। সেখানে তিনজন বিয়ার পান ও ধূমপান করেন। একপর্যায়ে জেরিকা বাসায় ফিরে যান।
পুলিশের আবেদনে আরও উল্লেখ করা হয়, ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তিতে পৌঁছান। পরে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যাওয়ার পর কয়েকজনকে দেখে তারা আলাদা হয়ে যান বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীপ।
পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্ট ও অন্যান্য তথ্য পর্যালোচনায় মৃত্যুর আগে তাহসিফকে সর্বশেষ দীপ ও জেরিকার সঙ্গে দেখা গেছে। রিমান্ডে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য তদন্তের স্বার্থে গোপন রেখে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
বিএইচ



