নামের মিলের কারণে অন্য এক ব্যক্তির অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন।
দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় মো. আলমাস নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু প্রকৃত দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে নামের মিল থাকায় অন্য একজনকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে নিরপরাধ ওই ব্যক্তি এক বছর ধরে কারাগারে রয়েছেন।
কারাগারে থাকা আলমাস উচ্চ আদালতে রিট আবেদন করে জানান, তিনি ওই অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। প্রকৃত আসামির পরিবর্তে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে কারাগারে থাকা আলমাস এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পরিচয় ও বিস্তারিত তথ্য যাচাইয়ে অনুসন্ধানের নির্দেশ দেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তাঁর তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এ অনুসন্ধান পরিচালনা করতে বলা হয়।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গত ১ নভেম্বর অনুসন্ধান প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ অনুসন্ধান পরিচালনা করেন।
প্রতিবেদনে বলা হয়, এক বছর ধরে কারাগারে থাকা মো. আলমাস এবং মিরপুর থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. আলমাছ সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। ওই মামলার প্রকৃত সাজাপ্রাপ্ত আসামি মো. আলমাস বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
প্রতিবেদন পর্যালোচনা করে নিরপরাধ ব্যক্তিকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
বিএইচ




