এক যুগেরও বেশি সময় আগে রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় সময়ের আলোচিত টেলিভিশন উপস্থাপক ও প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও জবাই করে হত্যা এবং ডাকাতির মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৮ নভেম্বর) ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ শহিদুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই চার্জ গঠন করেন। একইসঙ্গে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মামলায় বিচার শুরু হওয়া ছয় আসামি হলেন—আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, ইঞ্জিনিয়ার ওরফে রিয়াজ ওরফে রিপন, আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী, হাদিসুর রহমান সাগর, মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন।
চার্জ গঠনের দিন জামিনে থাকা আসামি নাহিদ, রিয়াজ ও আব্দুল হাদী আদালতে হাজির ছিলেন। তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদন জানালেও আদালত তা খারিজ করেন। কারাবন্দি আসামি হাদিসুর রহমান সাগরকে কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত দেখানো হয়। আর বাকি দুই আসামি মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন শুরু থেকেই পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী আমিনুল ইসলাম সরকার।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় কলিং বেল চেপে দুজন ব্যক্তি প্রবেশ করে মাওলানা ফারুকীর সঙ্গে ড্রয়িংরুমে বসে। কিছুক্ষণ পর আরও ছয়-সাতজন লোক ভেতরে ঢুকে পড়ে। বাসার লোকজনকে বেঁধে ফেলে অস্ত্র ঠেকিয়ে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে অত্যন্ত নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করে তারা। হত্যা শেষে বাসা থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও ক্যামেরা লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা।
এ ঘটনার পর দিন শেরেবাংলা নগর থানায় ফারকী হত্যা মামলাটি দায়ের করেন তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে ফয়সাল ফারুকী। প্রাথমিকভাবে এটি স্রেফ হত্যা মামলা হিসেবে দায়ের করা হলেও দীর্ঘ তদন্ত শেষে সিআইডি পুলিশ এটিকে খুনসহ ডাকাতির ঘটনা হিসেবে শনাক্ত করে।
হত্যাকাণ্ডের ১০ বছর পর ২০২৪ সালের ৫ নভেম্বর সিআইডি পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কে এম আবুল কাশেম ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। অবশেষে চার্জ গঠনের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলেন অভিযুক্তরা।
ডিআর




