ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম।
সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এগুলো সবই ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্ট্যান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, সবই স্ট্যান্টবাজি। শি উইল নট কাম ব্যাক।”
এ বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রসিকিউশনের বক্তব্য তুলে ধরা হবে বলেও জানান প্রধান কৌঁসুলি।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ আবেদন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রয়টার্সের ভাষ্য অনুযায়ী, দুই বছরের বেশি সময় আগে প্রাণঘাতী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের ক্ষমতার অবসান হওয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনার এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।
প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান তিনি।
এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতাদের বড় একটি অংশ শেখ হাসিনার মতো ভারতে অবস্থান করছেন অথবা অন্য দেশে আত্মগোপনে রয়েছেন। অনেকে আবার কারাগারেও রয়েছেন।
রয়টার্স জানিয়েছে, আওয়ামী লীগের নেতারা তাদের বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।




