ফরিদপুরে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার চাঞ্চল্যকর মামলায় ৮ যুবককে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আটজনি আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী তাদের কঠোর নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত ৮ জন হলেন—শাহীন শেখ (২৬), জয় শেখ (২৫), রহিম মোল্লা (২৫), মনির শেখ (৩০), হৃদয় খা (২৫), ইলিয়াস শিকদার (৪০), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৫)। তারা সবাই ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী ও ভূয়ারডাঙ্গী গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে নগরকান্দার এক তরুণী ফরিদপুর শহরতলীর ধলার মোড়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন। প্রেমিকের আসতে দেরি হওয়ায় তিনি নৌকায় পার হয়ে পালডাঙ্গী কাশবনে ঘুরতে যান। এ সময় বখাটে যুবকরা তাকে জোরপূর্বক ধরে কাশবনের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং সেই নৃশংসতার দৃশ্য ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা পড়ে যায়।
এরপর ২০২০ সালের আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। ২০২০ সালের ৬ আগস্ট ডিবির তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শাহিন শেখকে প্রথমে শনাক্ত করে আটক করেন। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়।
ঘটনার সময় ভুক্তভোগী তরুণীকে খুঁজে পাওয়া না গেলেও পুলিশ নিজ দায়িত্বে আইনি পদক্ষেপ নেয়। তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্ণোগ্রাফী আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আইয়ুব আলী ২০২১ সালের ৩০ জানুয়ারি ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন জানান, দীর্ঘ সাক্ষ্যগ্রহণ, শুনানি এবং ডিজিটাল প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন। ভিডিও এবং আসামিদের পরিহিত কাপড়ের ফরেনসিক পরীক্ষা করে অপরাধের সত্যতা নিশ্চিত করা হয়। এছাড়া আসামিরা একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া এবং নিজেদের অপরাধ স্বীকার করায় আদালত সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ করতে সক্ষম হন। আদালতের এই রায়ের মাধ্যমে সমাজে একটি জোরালো বার্তা পৌঁছেছে যে, এ ধরনের ঘৃণ্য অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই।
ডিআর




