বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) ঢাকার নিম্ন আদালত শুনানি শেষে এ আদেশ দেন। তবে নারী বিবেচনায় একই মামলার অপর আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে অঙ্কিত রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ১১ অক্টোবর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
মামলায় আল নূর মোহাম্মদ আয়াস ও মারজিয়া খন্দকার রিমিসহ মোট চারজনকে আসামি করা হয়। এজাহারে আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
ডিআর




