কারিগরি ও আর্থিক জটিলতায় গত ১০ দিন ধরে পুরোপুরি বন্ধ রয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছাপার কাজ। প্রিন্টিং মেশিনের সফটওয়্যার সমস্যা, দীর্ঘদিনের বকেয়া বিল এবং দক্ষ জনবলের সংকটে গত ৫ নভেম্বর থেকে এই কার্ড প্রিন্টিং কার্যক্রম স্থগিত রয়েছে।
ফলে দেশে বর্তমানে ১২ কোটি ৮৭ লাখের বেশি ভোটারের মধ্যে এখনো প্রায় সাড়ে ৫ কোটি নাগরিক স্মার্ট এনআইডি পাননি। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক মানুষ এই কার্ডের অপেক্ষায় থাকলেও সাধারণ লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের সেবা অবশ্য স্বাভাবিক রয়েছে।
ইসি সংশ্লিষ্টরা জানান, গত ৫ নভেম্বরের আগে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্মার্ট এনআইডি ছাপার কাজ চালানো হচ্ছিল। ২০২৪ সালের ১ জুন থেকে কোনো চুক্তি ছাড়াই কার্ড ছাপানো চলছিল। ওই সময়ে সাধারণ মানুষের জন্য বিপুলসংখ্যক কার্ড ছাপা হতো না; কেবল বিশেষ ব্যক্তিদের অনুরোধে সীমিত পরিসরে ইসি কার্ড প্রিন্ট করত। তবে বর্তমানে সেই কার্যক্রমও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, স্মার্ট কার্ড ছাপার বিষয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। কমিশন সভায় আলোচনার পর সিদ্ধান্ত এলে সেই আলোকে আবারও কার্ড ছাপার কাজ শুরু হবে।




