নতুন মজুরির আনুষ্ঠানিক ঘোষণা যেদিনই আসুক না কেন, আগামী ১ ডিসেম্বর থেকেই পোশাক শ্রমিকরা বর্ধিত হারে বেতন পাবেন বলে নিশ্চিত করেছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পকে ঘিরে সাম্প্রতিক চলমান অস্থিরতার প্রেক্ষাপটে শ্রমিকদের আশ্বস্ত করতে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সৈয়দ আজাদ সুবহানী বলেন, প্রচলিত শ্রম আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের পর নতুন মজুরি নির্ধারণের জন্য ছয় মাস সময় দেওয়া হয়। তবে দেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পের চলমান বিশৃঙ্খলার কারণে সামগ্রিক স্থিতিশীলতা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ কারণে নির্ধারিত সময়ের আগেই দ্রুত নতুন মজুরি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় বোর্ড।
তিনি আরও জানান, মজুরি বোর্ডের আসন্ন তৃতীয় সভার আগে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে সরেজমিনে গিয়ে পোশাক শ্রমিকদের বর্তমান জীবনযাত্রার পরিস্থিতি পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হচ্ছে। মালিক এবং শ্রমিক—উভয়পক্ষের বাস্তবতা ও সক্ষমতা বিবেচনায় নিয়েই ন্যায্য ও যৌক্তিক নতুন মজুরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে যে অবিশ্বাস ও বিভ্রান্তি তৈরি হয়েছে, সে বিষয়টিও স্পষ্ট করেন বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা এবং বোর্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য শারীরিকভাবে অসুস্থ থাকায় সভাটি মাত্র সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে অন্য কোনো কারণ বা কোনো পক্ষের চাপ নেই বলেও তিনি শ্রমিকদের আশ্বস্ত করেন।
ডিআর




