উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃনিরীক্ষণের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।
বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। ফলাফল বিপর্যয়ের কারণে এবার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। মাত্র সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনর্মূল্যায়ন ও পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে। এর জন্য ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের মাধ্যমে খাতা পুনর্মূল্যায়ন, ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের তথ্য পাঠানো এবং ২১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নম্বর পরিবর্তন হওয়া উত্তরপত্র যাচাইয়ের কার্যক্রম শেষ করার পরিকল্পনা ছিল।
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। পূর্বঘোষিত সূচি অনুযায়ী:
ঢাকা বিশ্ববিদ্যালয়: ৫ থেকে ২৬ ডিসেম্বর ২০২৬
বুয়েট: ১৬ জানুয়ারি ২০২৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ১০ থেকে ২১ জানুয়ারি ২০২৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়: ৮, ৯ ও ১৬ জানুয়ারি ২০২৭
এ ছাড়া মেডিকেল ও ডেন্টাল কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা ছিল।
তবে হাইকোর্টের আজকের এই আদেশের ফলে স্পষ্ট হয়ে গেছে যে, আগামী ২৭ নভেম্বর পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হওয়ার আগে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ই তাদের ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু বা সম্পন্ন করতে পারবে না। এতে বহু শিক্ষার্থী ও অভিভাবক স্বস্তি প্রকাশ করলেও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমে কিছুটা সময়ক্ষেপণ ও শিডিউল পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
ডিআর





