দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে, তবে নিশ্চিত হওয়া রোগীদের মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ে প্রাণহানির এসব ঘটনা ঘটে।
বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩৭৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৫৮ জনের শরীরে হামের জীবাণু নিশ্চিতভাবে শনাক্ত হয়। এ সময়ের মধ্যে নতুন করে ১ হাজার ২৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩২৬ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ছয়জনের মৃত্যুর মধ্যে সর্বোচ্চ তিনজন মারা গেছেন ঢাকা বিভাগে (ঢাকা জেলায় ৩ জন)। এছাড়া চট্টগ্রাম বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫২ হাজার ১৭৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫ হাজার ৭৮৬ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে মোট ২ লাখ ২৫ হাজার ৩৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৬ হাজার ৩৮৯ জন। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া রোগীদের মধ্যে ১০৫ জন এবং সন্দেহজনক রোগীদের মধ্যে ১ হাজার ২২৪ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হওয়া ২৫৮ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৭৮ জন শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে ৪৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩৩ জনের হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে, সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৫৫৩ জন, চট্টগ্রামে ২২৪ জন, সিলেটে ১৫৯ জন, বরিশালে ১৪৩ জন, ময়মনসিংহে ১২৪ জন, খুলনায় ৯১ জন, রংপুরে ৪৭ জন এবং রাজশাহী বিভাগে ৩৫ জন রয়েছেন।
বিএইচ




