ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। তার ভাষ্য, এটাই দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষিত প্রথম নির্দিষ্ট তারিখ।
এক বিবৃতিতে মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবারও সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমানের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরার সুযোগ করে দেওয়া সরকারের দায়িত্ব।
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এর আগে রোববার এক বাংলাদেশি মন্ত্রী রয়টার্সকে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শেখ হাসিনার সরকারবিরোধী গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ওই আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন।
তবে শেখ হাসিনা নির্বাসনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
সূত্র: রয়টার্স




