লিবিয়ায় দীর্ঘদিন ধরে আটক থাকা ১৭৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় সোমবার (২৩ নভেম্বর) বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের প্রত্যাবাসন করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।
জানা গেছে, ভূমধ্যসাগরে উদ্ধারের পর এসব বাংলাদেশিকে দীর্ঘদিন ধরে লিবিয়ার ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল। দেশে ফেরার অপেক্ষায় থাকা ১৭৪ জনের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ।
সোমবার বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় তিনি দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার পাশাপাশি দক্ষতা অর্জনের পরামর্শ দেন। একই সঙ্গে অনিয়মিত পথে বিদেশ যাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানান।
এদিকে আগামী ২৫ নভেম্বর লিবিয়ার ত্রিপলী ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বিএইচ




