হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের হাতে দিতে যাচ্ছে সরকার। এ সংক্রান্ত চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম চালু করতে পারবে না সরকার। তবে নতুন বিমানবন্দর নির্মাণ, নির্মাণকাজ এবং সামরিক স্থাপনার ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না।
আগামী সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চুক্তির এ শর্তকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে তৃতীয় টার্মিনালের সীমিত কার্যক্রম শুরু হতে পারে। এরপর পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পরিচালিত হবে টার্মিনালটি। এ ক্ষেত্রে সরকারের পক্ষে থাকবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আর বেসরকারি অংশীদার হিসেবে দায়িত্ব নেবে জাপানি কনসোর্টিয়াম। এতে রয়েছে সুমিতোমো করপোরেশন, জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নিপ্পন কোয়েই ও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন।
চুক্তি অনুযায়ী, পরিচালনার স্বত্ব বাবদ এককালীন ৮১ লাখ ডলার বা প্রায় ১০০ কোটি টাকা দেবে জাপানি অপারেটর। অথচ তৃতীয় টার্মিনাল নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সে হিসাবে এককালীন অর্থের পরিমাণ মোট প্রকল্প ব্যয়ের মাত্র ০ দশমিক ৪৫ শতাংশ।
রাজস্ব ভাগাভাগির বিষয়টিও কয়েকটি ধাপে নির্ধারণ করা হয়েছে। চুক্তির প্রথম আট মাস সরকার কোনো আয় পাবে না। পরবর্তী ছয় মাসে রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ পাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে আন্তর্জাতিক যাত্রীপ্রতি ২ দশমিক ১০ ডলার এবং কার্গো আয় থেকে ২৭ শতাংশ পাবে সরকার। অন্যদিকে বোর্ডিং ব্রিজ, দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকে আয় করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।
নতুন টার্মিনাল ব্যবহারকারী আন্তর্জাতিক বহির্গামী যাত্রীদের এমবারকেশন ফি দিতে হবে ১২ দশমিক ৫০ ডলার বা প্রায় ১ হাজার ৫৬০ টাকা। বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এ ফি ৫০০ টাকা। অর্থাৎ নতুন টার্মিনালে যাত্রীদের এ খাতে ব্যয় প্রায় তিন গুণ বাড়বে।
এ বিষয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, দেশের বিমান চলাচল খাতে বিভিন্ন ধরনের চার্জ এমনিতেই তুলনামূলক বেশি। এর মধ্যে এমবারকেশন ফি দুই থেকে তিন গুণ বাড়ানো হলে সেই বাড়তি খরচ শেষ পর্যন্ত যাত্রীদের ওপরই পড়বে।
এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, এমবারকেশন ফি বা ভ্রমণ ব্যয় বাড়ায় এমন মাশুল নির্ধারণের আগে আইকাওয়ের বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। বিমান সংস্থার পাশাপাশি যাত্রীরাও এ প্রক্রিয়ার অংশীজন। তবে ফি বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে বলে তাঁরা জানেন না। তাঁর মতে, এ ফি তিন গুণ বাড়লে বিশেষ করে প্রবাসী কর্মীদের ভ্রমণ ব্যয় বেড়ে যাবে।
এদিকে তৃতীয় টার্মিনালের আন্তর্জাতিক ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অংশের জন্য দ্বিতীয় একটি অপারেটর নিয়োগ দেবে জাপানি কনসোর্টিয়াম। এ জন্য তুরস্কের চেলেবি এভিয়েশন, যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট এবং সংযুক্ত আরব আমিরাতের ডনাটাকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।
বর্তমানে শাহজালাল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বছরে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা আয় করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন টার্মিনালে এ সেবার বড় অংশ অন্য অপারেটরের হাতে গেলে রাষ্ট্রীয় সংস্থাটির আয়ে প্রভাব পড়তে পারে। বিমান চলাচল বিশ্লেষক এ টি এম নজরুল ইসলামের মতে, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের বড় অংশ অন্য প্রতিষ্ঠানের হাতে গেলে বিমান একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ক্ষেত্র হারাবে। তবে বিমানের সেবার মান উন্নত করাও জরুরি।
অন্যদিকে তৃতীয় টার্মিনাল নির্মাণে নেওয়া বিদেশি ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে চলতি বছরের জুনে। ২০২৫-২৬ অর্থবছরে বেবিচক ঋণ পরিশোধ করেছে ১ হাজার ১৫০ কোটি ৩৮ লাখ টাকা। একই অর্থবছরে সংস্থাটির মোট ব্যয় হয়েছে ৩ হাজার ২৪২ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৫ শতাংশ বেশি। বিপরীতে আয় বেড়েছে মাত্র ২ দশমিক ৪ শতাংশ। ওই অর্থবছরে বেবিচকের আয় ছিল ৩ হাজার ৯৯০ কোটি ৭৪ লাখ টাকা।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিদ্যমান টার্মিনাল ও অন্যান্য কার্যক্রম থেকে পাওয়া আয় দিয়ে ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আগামী ডিসেম্বরে আরও প্রায় ৯০০ কোটি টাকা দেওয়ার কথা রয়েছে।
সাবেক বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) এম মফিদুর রহমান বলেন, তৃতীয় টার্মিনাল চালু না হওয়ায় বেবিচক প্রত্যাশিত বাড়তি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এটি চালু হলে সংস্থাটির বার্ষিক আয় পাঁচ হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে আগে ধারণা করা হয়েছিল।
বেবিচক সূত্র জানায়, ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির সীমিত কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। এর মধ্যে দুটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে এবং দুটি অবতরণ করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে মালয়েশিয়া ও দুবাইগামী দুটি এবং থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে আসা দুটি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে।
নতুন টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে প্রায় দুই কোটিতে পৌঁছাবে। একই সঙ্গে বাড়বে কার্গো পরিচালনার সক্ষমতা। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রম শেষ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২০১৯ সালের ২৮ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এত দিন বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
বিমান চলাচল বিশ্লেষক উইং কমান্ডার (অব.) নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আটকে থাকার পর টার্মিনালটি চালুর উদ্যোগ ইতিবাচক। তবে এমবারকেশন ফি বৃদ্ধি ও পরিচালন চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে উদ্বেগ রয়েছে। টার্মিনাল পরিচালনার ব্যয় কেমন হবে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
তাঁর মতে, নতুন টার্মিনাল চালু হলে বিদেশি এয়ারলাইনসের আগ্রহ বাড়তে পারে। তবে ফ্লাইটের স্লট বরাদ্দ নির্ভর করবে বোর্ডিং ব্রিজ, পার্কিং স্পেস, গ্রাউন্ড হ্যান্ডলিংসহ সামগ্রিক সক্ষমতার ওপর। একই সঙ্গে দেশীয় এয়ারলাইনসগুলোর বাজার হিস্যা ধরে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রীসেবা ও সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে ১৫ বছরের পরিচালন চুক্তি, ১০০ কিলোমিটার এলাকায় অন্য বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞা, যাত্রীদের বাড়তি মাশুল এবং ঋণ পরিশোধের চাপ—এসব বিষয় ভবিষ্যতে কী ধরনের আর্থিক প্রভাব ফেলবে, তা নির্ভর করবে টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম ও রাজস্ব আয়ের ওপর।
বিএইচ





