তাবলিগি জামাতের একাংশের আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভির বিভিন্ন বক্তব্যে আকিদাগত ও দ্বীনি ব্যাখ্যার ক্ষেত্রে গুরুতর বিচ্যুতির অভিযোগ তুলেছেন দারুল উলুম দেওবন্দের উস্তাদুল হাদিস হজরত মাওলানা সালমান বজুনুরি নকশবন্দি। তিনি বলেছেন, মাওলানা সাদের বক্তব্যের সঙ্গে আকাবিরে দেওবন্দের চিন্তাধারা ও কর্মপদ্ধতির মৌলিক পার্থক্য রয়েছে। এ নিয়ে দেওবন্দের আপত্তির পেছনে কোনো ব্যক্তিগত বিদ্বেষ, পারিবারিক বিরোধ কিংবা আর্থিক স্বার্থ নেই। বরং বিষয়টি সম্পূর্ণ ইলমি ও আকিদাগত।
সম্প্রতি দেওয়া এক ব্যাখ্যামূলক বক্তব্যে এসব কথা বলেন মাওলানা সালমান বজুনুরি। তাঁর বক্তব্যের বিষয়বস্তু নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
বক্তব্যে মাওলানা সালমান বজুনুরি বলেন, দ্বীনকে সঠিকভাবে সংরক্ষণ করা, দ্বীনের নামে ভুল বিষয় প্রচারের প্রতিবাদ করা এবং ভুল ব্যাখ্যা সংশোধন করা আলেমদের অন্যতম দায়িত্ব। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকেই এ দায়িত্ব পালন করে আসছে। কোরআন-সুন্নাহর দলিলের ভিত্তিতে বিভ্রান্তিকর চিন্তাধারার প্রতিবাদ করা উলামায়ে দেওবন্দের অন্যতম বৈশিষ্ট্য।
মাওলানা সাদের বিষয়ে দেওবন্দের আপত্তির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এর পেছনে কোনো হিংসা, শত্রুতা কিংবা অর্থনৈতিক স্বার্থ নেই। তাবলিগি জামাতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টিও এর সঙ্গে জড়িত নয়। বরং মাওলানা সাদ একটি সম্মানিত পরিবারের সদস্য। জামাতে দেওবন্দে তাঁর পরিবারের বিশেষ মর্যাদা ও গ্রহণযোগ্যতা রয়েছে। তাঁদের পরিবারের প্রতি ভালোবাসা ও সম্মানও রয়েছে।
তিনি আরও বলেন, দারুল উলুম দেওবন্দ নিজেদের ঘনিষ্ঠজনদের ভুলের ক্ষেত্রেও দায়িত্বশীলতার পরিচয় দেয়। কেউ পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠজন হওয়ায় তাঁর ভুলের বিষয়ে নীরব থাকা প্রতিষ্ঠানের নীতি নয়।
তাবলিগি জামাতের কর্মপদ্ধতি নিয়ে দীর্ঘদিনের আপত্তির প্রসঙ্গ তুলে মাওলানা সালমান বজুনুরি বলেন, হজরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস (রহ.)-এর সময় থেকেই তাবলিগের বিভিন্ন আমল ও কর্মপদ্ধতি নিয়ে আলেমদের মধ্যে প্রশ্ন ও আপত্তি ছিল। এসব আপত্তির জবাবে বিভিন্ন সময়ে আলেমরা রিসালা ও কিতাব রচনা করেছেন। শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া (রহ.) এ বিষয়ে পৃথক রিসালাও লিখেছেন।
তিনি বলেন, তাবলিগি জামাতের কাজের সংশোধনে অতীতেও বিশিষ্ট আলেমরা ভূমিকা রেখেছেন। মাওলানা মানজুর নোমানি (রহ.) ও মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.)-এর মতো ব্যক্তিত্ব বিভিন্ন সময়ে এ বিষয়ে সংশোধনী ভূমিকা পালন করেছেন। ১৯৫৩ সালের আল-ফুরকান পত্রিকার সংশ্লিষ্ট সংখ্যায় এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।
মাওলানা সাদের কিছু বক্তব্য সামনে আসার পর পরিস্থিতি আরও গুরুতর হয়েছে বলে মন্তব্য করেন এই মুহাদ্দিস। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব বক্তব্যের কিছু অংশ সাধারণ ভুলের পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং আকাবিরে দেওবন্দের কর্মপদ্ধতি থেকে বিচ্যুতি এবং কিছু ক্ষেত্রে আকিদাসংশ্লিষ্ট বিষয়েও আপত্তির অবকাশ তৈরি করেছে। এসব বক্তব্যের গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিমের অবস্থান প্রসঙ্গে মাওলানা সালমান বজুনুরি বলেন, সম্প্রতি মুহতামিম সাহেব তাঁর দরসে কিছু বক্তব্য দেওয়ার পর ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হয়। পরে তিনি চার মিনিটের একটি রেকর্ডিং প্রকাশ করেন। তাঁর মতে, মুহতামিম সাহেবের বক্তব্যই দারুল উলুম দেওবন্দের প্রাতিষ্ঠানিক অবস্থান। কারণ, প্রতিষ্ঠানের অবস্থান প্রকাশের দায়িত্ব মুহতামিমের।
মাওলানা সাদের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ভালোবাসা ও ঐক্যের কথা বলা হলেও তাতে মূল সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। বরং মাওলানা সাদের উচিত নিজের বক্তব্য ও চিন্তাধারা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা। তাঁর কারণে জামাতে দেওবন্দের মধ্যে বিভক্তি ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং অন্যরা এ পরিস্থিতি থেকে সুযোগ নেওয়ার অবকাশ পাচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে নিজেদের ইলমি অধ্যয়ন বাড়াতে হবে। কোরআন-সুন্নাহর আলোকে আকাবিরে দেওবন্দের ব্যাখ্যা ও কর্মপদ্ধতি বুঝতে হবে। আবেগ কিংবা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নয়, বরং ইলমি দলিল ও সততার সঙ্গে বিষয়গুলো পর্যালোচনা করতে হবে।
বক্তব্যের শেষাংশে মাওলানা সালমান বজুনুরি বলেন, তাঁদের বিরোধ কোনো ব্যক্তির সঙ্গে নয়; বরং ভুল চিন্তাধারা ও মতাদর্শের সঙ্গে। ব্যক্তিগত আক্রমণ বা শত্রুতা তাঁদের উদ্দেশ্য নয়। দারুল উলুম দেওবন্দের দায়িত্ব হলো দ্বীনি চিন্তাধারা ও আকাবিরদের কর্মপদ্ধতির সুরক্ষা করা।
এসএ





