দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, জ্বালাও-পোড়াওসহ নানা অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। যাতে কোনো তৃতীয় পক্ষ পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন তিনি।
গত শনিবার ও রোববার পৃথকভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের এমন নির্দেশনা দিয়েছেন তিনি।
দলীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গত শনিবার গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।
বৈঠকে খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নেতাদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান।
রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই মোকাবিলা করার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ ক্ষেত্রে যতটা সম্ভব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।




