শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে কারাগারে যেতে হবে, ফুলের মালা দিয়ে বরণ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসাসের উদ্যোগে আয়োজিত নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাস নেতা সোহেল মোল্লা হত্যা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী জালাও-পোড়াও, সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মো. আবদুস সালাম বলেন, গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে দেশের মানুষের যে ক্ষতি করা হয়েছে, তার জবাব দিতে হবে। জনগণের কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এ আহ্বায়ক বলেন, কয়েক দিন ধরে দেশের মানুষের মধ্যে একধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করছেন পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা। তিনি বলছেন, দেশে আসবেন। আমরাও চাই তিনি দেশে আসুন। বাধা কোথায়? তিনি যে জায়গায় আছেন, যাওয়ার সময় তার ভিসা লাগেনি, আসার সময়ও ভিসা লাগবে না। সীমান্তে চলে এলে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী তাকে নিয়ে এসে কারাগারে পাঠাবে। ভারতকেও তাকে বাংলাদেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে আসতে চান, সেটিই মূল বিষয়। তিনি এ দেশের মানুষের বুক খালি করেছেন, মায়ের বুক খালি করেছেন। বাংলাদেশের ব্যাংকসহ সবকিছু খালি করেছেন। গুম ও খুন করেছেন, দেশের অর্থনীতি ধ্বংস করেছেন এবং স্বাধীনতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। এসবের পর তিনি কীভাবে সম্মানের সঙ্গে দেশে ফিরবেন, তা তাকে বুঝতে হবে।
গতকালের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে আবদুস সালাম বলেন, শেখ হাসিনার আহ্বানে দেশের কোথাও লকডাউন পালিত হয়নি। জনগণ তার কথা শুনলে হয়তো কর্মসূচি পালিত হতো। তার উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া। দীর্ঘ ১৭ বছর ধরে যে অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন করেছেন, তা আর করবেন না বলে প্রতিশ্রুতি দেওয়া।
সোহেল মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা এমনিতেই খুনের মামলার আসামি। সোহেল মোল্লার হত্যাকাণ্ডের মামলাতেও তাকে হুকুমের আসামি করা হয়েছে। এ সময় টঙ্গীর সাবেক এক মন্ত্রীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তার কোনো কাজ নেই, তিনিও হত্যার নির্দেশ দেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে আবদুস সালাম বলেন, আওয়ামী লীগের দুই-চারজন কর্মী বাড়িঘরে থাকলেও তাদের ঘুম হারাম করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এখন আওয়ামী লীগ বলছে, ঢাকা শহরে কেউ হাঁটতে পারবেন না। তবে বিএনপি সেই পথ বন্ধ করে দিতে চায় না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।
শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রসঙ্গে তিনি বলেন, হত্যা ও খুনের ঘটনায় তার বিরুদ্ধে ইতোমধ্যে রায় ঘোষণা হয়েছে। পারলে তখন দেশে এসে আপিল করতেন। এখন আইনজীবী নিয়োগ করে লাভ নেই। দেশের মানুষকে অনেক কষ্ট দিয়েছেন। যাদের গুম করেছেন, ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তাকে জবাব দিতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ভূমিকা নিতে হবে। প্রশাসনকেও আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তারেক রহমানের সরকার কারও দয়ায় ক্ষমতায় আসেনি। এ দেশের জনগণ বিপুল ভোটের মাধ্যমে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। তাই জনগণের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে সরকারকে আরও কঠোর হতে হবে।
বিভিন্ন প্রচারমাধ্যমে আওয়ামী লীগের গুণগান গাওয়ার সমালোচনা করে তিনি বলেন, যারা আওয়ামী লীগের গুণগান গাইছে এবং আন্ডারগ্রাউন্ড পার্টির পক্ষে সাফাই গাইছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনার উচ্ছিষ্টভোগীরাই এখনো তার গুণগান করছেন। যারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার পক্ষে অবস্থান নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আবদুস সালাম বলেন, বাংলাদেশ কারও দয়ায় স্বাধীন হয়নি। ২৪ আগস্টের অভ্যুত্থান জনগণ ঘটিয়েছে। এই অভ্যুত্থানের মধ্য দিয়েই শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে শেখ হাসিনার পক্ষে যারা অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তার অভিযোগ, এসব ব্যক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে এবং দেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চায়।
বিএনপি প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে আওয়ামী লীগ ও বিদেশি দালালদের হাত থেকে রক্ষা, স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে বিএনপি গঠন করেছিলেন। সেই দায়িত্ব নিয়েই বিএনপি দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করছে। এ কারণে দেশের মানুষ সব সময় বিএনপির পক্ষে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আগামী ডিসেম্বর মাসজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণা করা হয়েছে জানিয়ে আবদুস সালাম বলেন, বিএনপি জনগণের পাশে রয়েছে। যারা এত দিন লুটপাট করেছে, তাদের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ভাড়া করে বোমাবাজি করানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাহস থাকলে তাদের দেশের ভেতরে এসে প্রকাশ্যে কর্মসূচি পালনের আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন করা হয়েছে। কিন্তু দলটি কখনো আন্ডারগ্রাউন্ডে যায়নি। শত বাধা-বিপত্তির মধ্যেও বিএনপি নেতারা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে জনগণের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। সারা দেশেও দলের নেতারা কর্মসূচিতে অংশ নিয়েছেন।
শেখ হাসিনার উদ্দেশে আবদুস সালাম বলেন, তিনি দেশে আসতে চাইলে আজ সন্ধ্যায় চলে আসতে পারেন। তাকে কারাগারে যেতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। ফুলের মালা গ্রহণের কোনো সুযোগ নেই। যেসব মায়ের বুক খালি করেছেন, তাদের জবাব দিতে হবে। যাদের গুম করেছেন, তাদের বিষয়ে জবাব দিতে হবে। ক্ষমতায় থাকার কারণে এত দিন জবাব দেননি, এখন আর সেই সুযোগ নেই।
তিনি আরও বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং লাখ লাখ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু বিএনপি হারিয়ে যায়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দলটি ক্ষমতায় এসেছে। বিএনপিকে সরাতে হলে আরেকটি নির্বাচন করতে হবে। সেই নির্বাচন হওয়ার আগে দেশকে নষ্ট করা কিংবা গণতন্ত্রের ক্ষতি করার চেষ্টা করে কোনো লাভ হবে না।
সোহেল মোল্লার হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আবদুস সালাম বলেন, আমরা অনেক রক্ত দিয়েছি। আজ সোহেল মোল্লাকে হত্যা করে তার রক্ত আপনি ঝরিয়েছেন। আর কত রক্ত চান? আল্লাহর ওয়াস্তে এই রক্তের স্বাদ নেওয়া থেকে বিরত থাকুন। তিনি শেখ হাসিনাকে জনগণ ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা হাবিব-উন-নবী খান সোহেল, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খানসহ জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ডিআর




