জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি) বলেছেন, সরকার একটি গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক ও রাজনৈতিকভাবেই সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। দেশে কোনো অপশক্তি কিংবা অতীতে পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের সেই অপচেষ্টা সফল হবে না।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় আয়োজিত এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন, গুণী শিক্ষকদের সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী।
আব্দুল বারী বলেন, দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বর্তমান সরকার জুলুম-নির্যাতনে বিশ্বাস করে না। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শক্তি প্রমাণ করেছে তাদের কোনো রাজনৈতিক দল বা আদর্শ নেই। তারা সন্ত্রাস, অগ্নিসংযোগ ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশকে ধ্বংস করে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। তবে দেশের গণতন্ত্রকামী মানুষ অতীতের মতো এখনো তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
আন্তর্জাতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর নেওয়া কর্মসূচি বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেকে একজন সর্বগ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কাছ থেকে অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। উন্নত দেশগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে এবং দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসছে।
প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্নির্মাণ ও শক্তিশালী করার পাশাপাশি একটি সৎ, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার কাজ চলছে। তাই জনগণের আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আযিযুল হাকিম এবং সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসএ




