অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায়ও নতুন যাত্রা শুরু করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’-এর প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট’ (Panorama Talent) বিভাগে।
শুক্রবার (২০ নভেম্বর) এই আনন্দের খবর জানিয়ে নিজেদের প্রথম প্রযোজিত কাজের অফিশিয়াল পোস্টার প্রকাশ করেছেন অভিনেত্রী। একই সঙ্গে আগামী দিনের কাজের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সমর্থন চেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শবনম বুবলী লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউসের প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ঠিকানা”, নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের Panorama Talent Section-এ। আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার।’
নিজের অনুভূতি প্রকাশ করে বুবলী আরও বলেন, ‘এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।’
ডিআর




