কক্সবাজারের রামু উপজেলায় পৃথক সড়ক ও রেলপথ দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। এর মধ্যে খুনিয়াপালং এলাকায় বাসের ধাক্কায় নাদিম হাসান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। অন্যদিকে, মিঠাছড়ি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে দ্বিতীয় দুর্ঘটনার তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালংয়ের মিজ্জা আলীর দোকান এলাকায় বাসের ধাক্কায় নাদিম হাসান নিহত হয়।
নিহত নাদিম রত্নাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহুল্যারডেবা এলাকার মো. নাজমুলের ছেলে। তার মা রুহুল্যারডেবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক।
রামু হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় কিশোরটি নিহত হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, একই দিন রামুর মিঠাছড়ি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এ দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হতাহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্যও এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর আগেও রামুর রশিদনগর এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটেছে। বারবার এ ধরনের দুর্ঘটনায় রেলক্রসিংয়ের নিরাপত্তাব্যবস্থা ও যানবাহন চলাচলে সতর্কতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এসএ




