জুলাই গণহত্যা, শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক ঐক্য অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, এসব দাবির প্রশ্নে কোনো আপস হবে না।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে এনসিপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি, জামায়াত কিংবা এনসিপির মধ্যে কোনো বিভেদ থাকবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াবে। তবে জাতীয় ঐক্যের আগে জুলাই গণহত্যা ও শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।’
তিনি বলেন, ‘তরবারির সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলবে না বাংলাদেশে। সংলাপের যদি চাবিকাঠি হতে হয়, জুলাইয়ের শহীদদের রক্তমূল্য হবে বাংলাদেশে ঐক্যের চাবিকাঠি।’
জুলাই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকার কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, ‘নিউমার্কেট এলাকা শহীদ ও আহতদের রক্তের সাক্ষী। আন্দোলনে অনেকে প্রাণ হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ চিরদিনের জন্য হাত-পা হারিয়েছেন। সেই চট্টগ্রাম থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দেওয়া হচ্ছে।’
শহীদ ওসমান হাদি হত্যার প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন হাদিকে হত্যা করে আন্দোলন থামানো যাবে না। তার আদর্শ ও সংগ্রামের পথ ধরে আরও অনেক তরুণ রাজপথে রয়েছেন। ’গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির দেওয়া দ্বিতীয় জুলাইয়ের আহ্বান বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ভারতের সঙ্গে পানিবণ্টন ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে পাটওয়ারী বলেন, ‘গঙ্গার পানি না এলে বাংলাদেশে ভারতীয় পণ্য চলবে না এবং ভারতীয়দের এ দেশে কাজ করতে দেওয়া হবে না। ভারত বাংলাদেশের দিকে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে দেশের মানুষ তা প্রতিহত করবে।’
বিএনপির সঙ্গে রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐক্য চাইলে বিএনপিকে অতীতের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে। জুলাই গণভোটের গণরায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। ’এ দাবি আদায়ে তরুণেরা রাজপথে থাকবেন বলেও জানান তিনি।
সমাবেশে এনসিপি চার দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা।
রোববার দুপুর ৩টা থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা ও উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকেন। বিকেল ৪টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও সালেহ উদ্দিন সিফাতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশকে কেন্দ্র করে অনুষ্ঠান শুরুর দুই ঘণ্টা আগেই প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মিছিলটি কোতোয়ালি ও লালদীঘি হয়ে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়।
ডিআর




