সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন কেবল তিনজন ব্যাটার, আর বিশের কোটা পার করেছেন মাত্র একজন। ফলে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পেরেছে ৯১ রান। কিছুক্ষণের মধ্যেই প্রথম ইনিংসে ব্যাট করতে নামবে দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের শুরুটা ছিল বৃষ্টিময়। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টসও অনুষ্ঠিত হয়নি; লাঞ্চ বিরতি পার হওয়ার পর টস অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার করা ইনিংসের প্রথম ওভারটা সামলে নেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন। তবে দ্বিতীয় ওভারটা পুরোপুরি শেষ করা যায়নি। মার্কো ইয়ানসেনের করা ওভারের পঞ্চম বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ তুলে দেন তানজিদ; ৯ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।
দ্বিতীয় উইকেটে নামা মুমিনুল হককে নিয়ে চাপ সামলে নেওয়ার চেষ্টা চালান ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। দুজনের জুটিতে আসে ৩৪ রান। তবে ইনিংসের ১৪তম ওভারে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। আনরিখ নর্কিয়ার করা ওই ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন মাহফিজুল ইসলাম রবিন। ক্রিজে নেমে প্রথম বলেই চার হাঁকান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কিন্তু চতুর্থ বলেই নর্কিয়ার শিকার হয়ে বোল্ড হন তিনিও। ৪০ বলে ২৩ রান করেন রবিন এবং ২ বলে ৪ রান করেন শান্ত। পরবর্তীতে উইয়ান মুল্ডারের বলে বোল্ড হয়ে ফেরেন মুমিনুল হক।
এরপর তাওহীদ হৃদয় ও লিটন দাসের ব্যাটে ভরসা খুঁজছিল বাংলাদেশ শিবির। তবে প্রথম টেস্টের প্রথম ইনিংসের মতো এবার আর বড় জুটি গড়তে পারেননি এই দুই ব্যাটার। লিটন দাসের বিদায়ে মাত্র ১৩ রানেই ভাঙে তাদের জুটি। লিটনের আউট হওয়ার পরের ওভারেই সাজঘরের পথ ধরেন হৃদয়ও। ইনিংসে লিটন ৮ রান এবং হৃদয় ১৯ রান করেন।
ডিআর




