লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশিকে মানবিক সহায়তায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তাদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ। বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) প্রত্যাবাসন কার্যক্রম শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপলী থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। তারা লিবিয়ার ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন।
প্রত্যাবাসনের আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে দেশে ফিরতে যাওয়া বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার আহ্বান জানান। সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
এ ছাড়া অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার পাশাপাশি মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান রাষ্ট্রদূত।
উল্লেখ্য, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রেখেছে দূতাবাস।





