জাপানে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে। আগামী বছরের এপ্রিল থেকে দেশটিতে বাংলায় ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চালু হতে পারে। গত শনিবার (২৮ নভেম্বর) টোকিওতে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ আশার কথা জানিয়েছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।
রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে তাঁর কাছে আসা বার্তা অনুযায়ী, আগামী বছরের এপ্রিল থেকে বাংলায় ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা চালু হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে গত ২২ নভেম্বর এক প্রতিবেদনে জানানো হয়, জাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সিলেবাস প্রণয়নের কাজ চলছে। পরীক্ষা চালুর আগে জাপানের জাতীয় পুলিশ সংস্থা (এনপিএ) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এসব প্রক্রিয়া শেষ হলে দ্রুত বাংলায় পরীক্ষা শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছিল বাংলাদেশ দূতাবাস।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জাপানে বসবাসরত বাংলাদেশিদের জন্য বাংলায় ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে রাষ্ট্রদূত মো. দাউদ আলী জাপানের জাতীয় পুলিশ সংস্থার ট্রাফিক ব্যুরোর লাইসেন্স বিভাগের প্রধান তাকাহিসা ওগুরার সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাব দেন।
সে সময় জাপানি কর্মকর্তা প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তবে পরীক্ষা চালুর জন্য আগ্রহী বাংলাদেশির সংখ্যা উল্লেখযোগ্য হওয়া প্রয়োজন বলে জানান তিনি। এরপর প্রবাসীদের আগ্রহ যাচাই করতে টোকিওর বাংলাদেশ দূতাবাস অনলাইনে একটি ফরম প্রকাশ করে। আগ্রহীদের ৩০ মার্চের মধ্যে ফরম পূরণের আহ্বান জানানো হয়েছিল।
বর্তমানে জাপানের বিভিন্ন অঞ্চলে বিদেশিদের জন্য প্রায় ২০টি ভাষায় ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তবে এত দিন সেই তালিকায় বাংলা ভাষা ছিল না।
জাপানে বসবাসরত অনেক বাংলাদেশির জন্য জাপানি ভাষায় ড্রাইভিং পরীক্ষায় অংশ নেওয়া কঠিন। বিশেষ করে সড়কসংক্রান্ত নিয়ম, ট্রাফিক চিহ্ন ও আইনি পরিভাষা বুঝতে ভাষাগত সীমাবদ্ধতার কারণে সমস্যায় পড়তে হয় তাঁদের। এ কারণে দীর্ঘদিন ধরে বাংলায় পরীক্ষার সুযোগ চালুর দাবি জানিয়ে আসছিলেন প্রবাসীরা।
বাংলায় লিখিত পরীক্ষা চালু হলে জাপানে বসবাসরত বাংলাদেশিদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।
তবে আগামী বছরের এপ্রিল থেকে পরীক্ষা চালুর সম্ভাবনার কথা জানানো হলেও জাপানের জাতীয় পুলিশ সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে পরীক্ষার চূড়ান্ত তারিখ, পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।





