ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় লিগ আইপিএলের ১৬তম আসরের পর্দা নামতে যাচ্ছে আজ। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স। রোববার (২৮ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময়র রাত ৮টায় গড়াবে ম্যাচটি। এবারের আইপিএলে মোট প্রাইজমানি ৪৬ কোটি ৫০ লাখ রুপি।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের শিরোপার লড়াইয়ে হতে পারে বৃষ্টি। দেশটির পূর্বাভাস অনুযায়ী রোববার (২৮ মে) ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আহমেদাবাদে। আজ বিকাল বা সন্ধ্যায় আমদাবাদের বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বিঘ্নিত হতে পারে আইপিএলের ফাইনাল। ম্যাচ হওয়ার সম্ভাবনা খারিজ করে দেননি আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন, রোববার সারা দিনই আহমেদাবাদের আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। বৃষ্টি হতে পারে ঘণ্টা দুয়েক। কোনো সময় এবং কতক্ষণ বৃষ্টি হবে, তার উপর নির্ভর করবে আইপিএল ফাইনালের ভাগ্য।
প্রয়োজনে পেছাতে হতে পারে খেলা শুরুর সময়। খেলার মাঝেও নামতে পারে বৃষ্টি। যা হওয়ার তা হবে সূর্যাস্তের পর। সঙ্গে বইতে পারে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া। এর মধ্যেই আশার কথা, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
/এএ/




