আসন্ন বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতারণা এবং চুক্তি ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেছে মায়ামিভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ভিআইডি’।
মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড-এর প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ভিআইডি নামক প্রতিষ্ঠানটি প্রায় ৭০ লাখ ডলারের বিনিময়ে ম্যাচ দুটির একক স্বত্ব কিনেছিল। চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল—মেসি যদি শারীরিকভাবে ফিট থাকেন, তবে তাকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে থাকতে হবে।
আয়োজক প্রতিষ্ঠানের অভিযোগ, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি এক সেকেন্ডের জন্যও মাঠে নামেননি। অথচ গ্যালারিতে বসে খেলা দেখা মেসির পরিবারের জন্য বিশেষ সুইট এবং অন্যান্য সুযোগ-সুবিধার ব্যয় বহন করেছিল ভিআইডি। তাদের দাবি আরও জোরালো হয়েছে কারণ, জাতীয় দলের হয়ে না খেললেও এর মাত্র একদিন পরই ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন মেসি এবং আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেন। এটি স্পষ্টতই চুক্তি লঙ্ঘন বলে মনে করছে আয়োজকরা।
এছাড়া পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটির ভেন্যু শেষ মুহূর্তে শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নেওয়ায় ১০ লাখ ডলারের বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি। এই ক্ষতি পুষিয়ে দিতে চীনে একটি বিকল্প ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দিলেও এএফএ তা রক্ষা করেনি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বিশ্বকাপের আগে এমন আইনি লড়াই আর্জেন্টিনার দলীয় মনোবলে কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে আলোচনা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/আরআই




Comments