বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সিনিয়রদের জন্য দিনটি ছিল হতাশার। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয়েছে হামজা-জামালদের। তবে একই দিনে সুখবর দিয়েছে দেশের জুনিয়র ফুটবলাররা। সংযুক্ত আরব আমিরাতে এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইপর্বে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
রোববার (১৫ নভেম্বর) ঢাকায় যখন সাফ সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের প্রথমার্ধ শেষ হয়, ঠিক তখনই শুরু হয় বাংলাদেশ ও ভুটানের মধ্যকার অনূর্ধ্ব-১৭ দলের লড়াই।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশের যুবারা। ষষ্ঠ মিনিটেই হেদায়েত উল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর মাত্র ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মহিন আহমেদ।
প্রথমার্ধের বাকি সময়েও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে আরও একটি গোল পেয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশের ফুটবলাররা। শেষ পর্যন্ত ৬৭ মিনিটে বদলি খেলোয়াড় ইয়াসিন আরাফাতের গোলে ব্যবধান ৪-০ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে যুবারা।
এর আগে বাছাইপর্বের প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ভুটানকে হারিয়ে সেই পরাজয়ের পর জয়ের ধারায় ফিরল দলটি।
তবে বড় ব্যবধানে জিতলেও চূড়ান্ত পর্বে ওঠার পথ বাংলাদেশের জন্য কঠিন। কারণ, বাছাইপর্বের প্রতিটি গ্রুপ থেকে কেবল চ্যাম্পিয়ন দলই চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। সিরিয়ার কাছে বড় ব্যবধানে হারের কারণে গ্রুপসেরা হওয়ার সম্ভাবনাও কমে গেছে বাংলাদেশের।
তবু সিনিয়র জাতীয় দলের পরাজয়ের দিনে অনূর্ধ্ব-১৭ দলের এই দাপুটে জয় দেশের ফুটবলপ্রেমীদের জন্য কিছুটা স্বস্তির খবর হয়ে এসেছে।
বিএইচ




