তিন দিনের ভারত সফরের প্রথম দিনেই মুম্বাইয়ে গলি ক্রিকেটে মেতে উঠলেন ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। সোমবার (১৬ নভেম্বর) মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে ব্যাট-বল হাতে মাঠে নামেন তারা।
ক্রিকেটের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করা সামাজিক উদ্যোগ ‘দ্য রাইট পিচ’-এর সহযোগিতায় এই ম্যাচের আয়োজন করা হয়। শত শত স্কুলশিক্ষার্থী ও স্থানীয় তরুণ-তরুণীদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে রাজদম্পতির সঙ্গী হন ভারতের সাবেক নারী ক্রিকেটার পুনম রাউত।
কেট শুধু ব্যাটিংয়ে অংশ নিলেও প্রিন্স উইলিয়াম ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করেন। খেলা শেষে শচীন টেন্ডুলকারের সঙ্গে ঐতিহ্যবাহী মাটির ভাঁড়ে চা পান করেন তারা।
ভারতীয় ফ্যাশনশিল্পের প্রতি সম্মান জানিয়ে প্রিন্স উইলিয়াম ভারতীয় ব্র্যান্ড ‘কার্দো’র নকশা করা নেভি-নীল নেহরু জ্যাকেট পরেন। অন্যদিকে কেটের পরনে ছিল অলিভ-সবুজ জ্যাকেট ও সাদা ট্রাউজার।
পূর্বে ২০১৬ সালে নিজেদের ভারত সফরে মুম্বাইয়ের ওভাল ময়দানে শচীনের উপস্থিতিতে শিশুদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন এই রাজদম্পতি। ঠিক ১০ বছর পর আবারও সেই স্মৃতি ফিরে এলো।
ক্যানসারের চিকিৎসা সম্পন্ন করার পর কেট মিডলটনের জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশ সফর।




