মাদক ও মোবাইল ফোনের পর্দায় অতিরিক্ত আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারটি মাঠে শুরু হবে এ টুর্নামেন্ট। এতে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, দেশের ফুটবল ও ক্রিকেট অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্রীড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এবারের আসরে ছেলেদের ১০টি এবং মেয়েদের ১০টি দলসহ মোট ২০টি দল অংশ নেবে। ছেলেদের বিভাগে উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস এফসি, মোহাম্মদপুর টাইগার্স, দিয়াবাড়ী রোভার্স, দক্ষিণ খান, উত্তর খান, ভাটারা ও বাড্ডার দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে মেয়েদের বিভাগে উত্তরা কুইন্স, মিরপুর রয়্যাল কুইন্স ও মহাখালী মার্ভেলস এফসিসহ ১০টি দল অংশ নেবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলাকে পেশা ও কর্মসংস্থানের অন্যতম ক্ষেত্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা ও কর্মসংস্থানের সুযোগ হিসেবে প্রতিষ্ঠিত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, ফুটবল আবারও প্রাণ ফিরে পাচ্ছে। একই সঙ্গে মানুষও মাঠমুখী হচ্ছে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম দক্ষিণ ঢাকার ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর দিয়ে জানান, শিগগিরই ঢাকা দক্ষিণেও মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।
টুর্নামেন্ট আয়োজনে পৃষ্ঠপোষকদের ভূমিকার প্রশংসা করে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন (শফিকুল ইসলাম খান) বলেন, আবাসন প্রতিষ্ঠান আসিয়ান সিটিসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতা থেকে ক্রীড়া ও অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখবে। অনুষ্ঠানে অন্যতম পৃষ্ঠপোষক আসিয়ান সিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন। তিনি বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে আসিয়ান গ্রুপ সব সময় পাশে ছিল এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল অতীতে এ ধরনের আয়োজন থেকে জাতীয় দলের খেলোয়াড় উঠে আসার কথা স্মরণ করে ভবিষ্যতেও নতুন প্রতিভা বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করে ফুটবলের পাশাপাশি ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, সাবেক অধিনায়ক কায়সার হামিদ এবং টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর ছাইদ হাসান কাননসহ সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক খেলার মাঠ দখলমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি টুর্নামেন্টের ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশাবাদ জানান।
এ ছাড়া ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে নৌকাবাইচ ও ম্যারাথনসহ ১৫ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি। আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসার সুযোগ তৈরি হবে।
এসএ




