গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শিরাজ শেখ (১৩) নামে এক হাফেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামের পগাইলের বিলসংলগ্ন একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত শিরাজের মরদেহ আমগাছটিতে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শিরাজ শেখ পশ্চিম ফুলবাড়ি গ্রামের সৈয়দ শেখের ছেলে। তার বয়স মাত্র ১৩ বছর। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার বিষয়টি তদন্ত করছে।
এসএ




