চট্টগ্রামের ফটিকছড়িতে সাম্প্রতিক সময়ে গুলিবর্ষণ, হামলা ও সংঘর্ষের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি এবং বাজারে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় বিরাজ করছে নিরাপত্তাহীনতা।
এসব সহিংসতার নেপথ্যে কারা রয়েছে, কোথা থেকে আসছে অবৈধ আগ্নেয়াস্ত্র এবং ধারাবাহিক ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না—এমন নানা প্রশ্ন সামনে এসেছে। এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ গত সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুরখারহাট বাজার এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় ছয়জন আহত হন। এ ঘটনার পর আবারও আলোচনায় এসেছে রায়হান নামের এক ব্যক্তির নাম। তার অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারে ফটিকছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।
ঘটনার পর সোমবার রাতে চুরখারহাট বাজার পরিদর্শনে যান হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তারেক আজিজ। এ সময় হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘রায়হানকে পেলে পুরো চট্টগ্রাম ঠান্ডা হয়ে যাবে।’ তাকে একাধিকবার মাইকে এ ঘোষণা দিতে দেখা যায়। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রায়হানসহ কয়েকজন অপরাধী ফটিকছড়ির বিভিন্ন এলাকায় অবস্থান করছেন বলে তথ্য রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। তবে সাম্প্রতিক সব হামলার সঙ্গে রায়হান ও তার সহযোগীদের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়িতে সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে। গত ২০ নভেম্বর (শুক্রবার) জুমার নামাজের সময় নানুপুর বাজারে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের হয়। স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম মিছিলটির নেতৃত্ব দেন বলে জানা গেছে।
এর প্রতিবাদে পরদিন ২১ নভেম্বর বিকেলে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগরের শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে আকস্মিক হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ সময় ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বিএনপির নেতা-কর্মীরা যুবলীগ নেতা নুরুল করিমকে ধরতে তার এলাকায় গেলে স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাল্টা মিছিল নিয়ে ওই যুবলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর উপজেলা প্রশাসন, পুলিশ, এসআরবি ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় দুটি পুলিশ চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও চলাচলকারীদের পরিচয় যাচাই শুরু করা হয়। পাশাপাশি মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
এদিকে, এলাকায় আত্মগোপনে থাকা ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এরপর গত ২২ নভেম্বর সন্ধ্যায় কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারের পূর্ব পাশে নিজের ফার্নিচারের দোকানে বসে থাকা ব্যবসায়ী আবছার চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, ২৩ নভেম্বর ফটিকছড়িতে মশাল মিছিল ও নাশকতার অভিযোগে ৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করে মামলা করে পুলিশ। মামলায় নিষিদ্ধঘোষিত স্থানীয় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৩ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে সুয়াবিল ইউনিয়নের চুরখারহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এতে ছয়জন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, বোরকা পরা চার থেকে পাঁচজন ব্যক্তি শোভনছড়ির দিক থেকে একটি অটোরিকশায় এসে বাজারের মোড়ে গুলি ছোড়েন। পরে তারা চৌমুহনীর দিকে গিয়ে আবারও ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যান। এ ঘটনায় অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয় লোকজন। তার দাবি, পাঁচজন অপরিচিত ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে তাকে অটোরিকশা চালাতে বাধ্য করেন। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অটোরিকশা ও চালককে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
একের পর এক গুলিবর্ষণ, হামলা ও সংঘর্ষের ঘটনায় ফটিকছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কি না, অবৈধ অস্ত্রের উৎস কোথায় এবং হামলাকারীদের নেপথ্যে কারা রয়েছে—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।
ফটিকছড়ির সচেতন মহলের দাবি, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার, হামলাকারীদের শনাক্ত এবং অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, রাজনৈতিক বিরোধ কিংবা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে যেন সাধারণ মানুষকে আর আতঙ্কের মধ্যে বসবাস করতে না হয়, সে জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এসএ




