মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট পাঠানোর দাবি উন্মাদনা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর মতে, একজন পলাতক আসামির জন্য এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, যে মুখপাত্র শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট চাওয়ার কথা বলেছেন, তাঁর এ বক্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়। একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও এ ধরনের দাবি করা পৃথিবীতে বিরল ঘটনা।
বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের কর্মকাণ্ড প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের ভূখণ্ডের বাইরে তারা কোনো তৎপরতা চালালে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে অবহিত করা ছাড়া বাংলাদেশের তেমন কিছু করার থাকে না। বিভিন্ন দেশে তাদের কর্মকাণ্ড গণমাধ্যমের মাধ্যমে দেখা যাচ্ছে। আসামিদের দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, দলটি নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের প্রমাণ করলে বিচারের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে। দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।
এদিকে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কের শুনানি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। দেশের সব টেলিভিশন চ্যানেল এ শুনানি সম্প্রচার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের কথা উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ তাঁর সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তসহ আনুষঙ্গিক সাজাও চাওয়া হবে।
এদিন যুক্তিতর্কের শুনানি দেখতে ট্রাইব্যুনালে উপস্থিত হন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে ছিলেন ‘মায়ের ডাক’-এর সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তাঁরা ন্যায়বিচারের জন্য লড়াই করছেন।
সানজিদা ইসলাম তুলি আরও জানান, গুম কমিশনের তথ্য অনুযায়ী, এক হাজার ৮০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে আড়াই শতাধিক ব্যক্তি এখনো নিখোঁজ। গুমের শিকার ব্যক্তিদের গোপন বন্দিশালায় নির্যাতন ও তাঁদের পরিণতি সম্পর্কে প্রকৃত তথ্য প্রকাশ এবং প্রতিটি ঘটনার বিচার দাবি করেন তিনি।
বিএইচ




