আগামী ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭০ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির একটি খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রস্তাবিত ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে সবচেয়ে বেশি ২৪ দিন ছুটি রাখা হয়েছে। এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১০ দিন, শীতকালীন অবকাশে ১১ দিন এবং দুর্গাপূজা উপলক্ষে তিন দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত থাকবে দুই দিন ছুটি।
খসড়া তালিকা পর্যালোচনায় দেখা যায়, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব রয়েছে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ২৪ দিন ছুটি গণনা করা হয়েছে।
এ ছুটির মধ্যে রয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজা ১১ ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা ২০ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি, জামাতুল বিদা ৫ মার্চ, শ্রী শ্রী শিবরাত্রি ৬ মার্চ, শবে কদর ৭ মার্চ এবং ঈদুল ফিতর ১০ মার্চ।
অন্যদিকে, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত ছুটি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদ দিলে এ সময়ে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১০ দিন ছুটি পাবেন। এ সময়ের মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমাও রয়েছে।
বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব রয়েছে। এ সময়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।
অন্যান্য ছুটি যেসব দিনে
খসড়া তালিকা অনুযায়ী, ৬ জানুয়ারি শবে মেরাজ এবং ২৪ জানুয়ারি শবে বরাত উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে।
মার্চে ২২ তারিখ শুভ দোলযাত্রা এবং ২৮ মার্চ ইস্টার সানডে উপলক্ষে ছুটি রাখা হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার হওয়ায় এ উপলক্ষে অতিরিক্ত ছুটি গণনা করা হয়নি।
এপ্রিলে ৪ তারিখ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে।
জুনে ১৬ তারিখ পবিত্র আশুরা উপলক্ষে এক দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। জুলাইয়ে ১৮ তারিখ আষাঢ়ী পূর্ণিমা এবং ২৮ জুলাই আষাঢ়ী চাঁর সেবা উপলক্ষে ছুটি রাখা হয়েছে।
আগস্টে ৫ তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে। সেপ্টেম্বরে ১৩ তারিখ ফাতেহা-ই-ইয়াজদাহম, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৩০ সেপ্টেম্বর শুভ মহালয়া উপলক্ষে ছুটির প্রস্তাব রয়েছে।
অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে তিন দিন ছুটি থাকবে। এ ছাড়া ১৪ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে।
নভেম্বরে ৭ তারিখ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক দিন ছুটির প্রস্তাব রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত দুই দিন ছুটিও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সব মিলিয়ে ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭০ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তন হতে পারে। একই সঙ্গে এটি খসড়া তালিকা হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর ছুটির দিন ও তারিখে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
বিএইচ
