চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন শুরু হয়। শুক্রবার (১৩ নভেম্বর) পর্যন্ত চলবে ধর্মীয় এ আয়োজন।
সম্মেলনে প্রায় আড়াই লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিরা সম্মেলনস্থলে আসতে শুরু করেছেন। তাঁদের থাকা, খাওয়া ও আপ্যায়নের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদেরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করবেন। প্রথম দিনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা শাহ জমীর উদ্দীন নানুপুরী (রহ.)-এর সাহেবজাদা ও খলিফা আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরী।
এ ছাড়া প্রথম দিনে বয়ান পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সাবেক ধর্ম উপদেষ্টা ডা. আ ফ ম খালিদ হোসেন, যশোর জামিয়া এজাজিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আনোয়ারুল করিম যশোরী, আল্লামা মুস্তাকুন্নবী কাসেমী, জিরি মাদ্রাসার মুহতামিম আল্লামা খোবাইব আহমেদ, ঢাকা থেকে মুফতি উবাইদুর রহমান হুযাইফী, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কাসেমী এবং পটিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি একরাম হোসেন ওদুদী।
এ ছাড়া ঢাকা থেকে মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি মাহমুদুল হাসান বাবুনগরী, আল্লামা ইয়াহিয়া মাহমুদ কাসেমী ও বিশিষ্ট দায়ি মুফতি জোবায়ের আহমাদসহ দেশবরেণ্য আরও অনেক আলেমের উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন শুক্রবার বয়ান পেশ করবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, আল্লামা গাজী বেলাল উদ্দীন নানুপুরী, আল্লামা ফরিদ উদ্দীন আল-মোবারক, আল্লামা আজিজুল হক আল-মাদানী, আল্লামা মুফতি মাহফুজুল হক, আল্লামা মুফতি কুতুবুদ্দীন নানুপুরী, ঢাকা থেকে মুফতি রেজাউল করীম আবরার এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আল্লামা গাজী ইয়াকুব ওসমানীসহ বিশিষ্ট আলেমরা।
আয়োজকদের তথ্যমতে, শুক্রবার দুপুর ১২টা থেকে জুমার নামাজের আগ পর্যন্ত বয়ান পেশ করবেন শায়খ আহমাদুল্লাহ। এ ছাড়া সম্মেলনের শেষ দিনের আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর দীর্ঘদিন ধরে উত্তর চট্টগ্রামে দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৯ হাজার শিক্ষার্থী এবং ১৮৫ জনের বেশি শিক্ষক ও কর্মচারী রয়েছেন। নূরানি থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত বিভিন্ন স্তরে পাঠদানের পাশাপাশি একাধিক শিক্ষাবিভাগ পরিচালিত হচ্ছে।
দুই দিনব্যাপী এ মহাসম্মেলন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি বিশেষ দ্বীনি দাওয়াত জানিয়েছেন আয়োজকেরা।
এসএ

