যশোরের বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকিবাজ চক্রের দৌরাত্ম্যের মুখে শুল্ক ফাঁকির অভিযোগে এক ট্রাক পণ্য চালান আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
বুধবার (১১ নভেম্বর) রাতে বন্দরের ৯ নং পণ্যাগারের সামনে থেকে ট্রাকভর্তি এই পণ্য চালানটি আটক করা হয়। পণ্যচালান আটকের সত্যতা নিশ্চিত করে বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন জানান, বর্তমানে চালানের ইনভেন্টরি কার্যক্রম চলমান রয়েছে এবং আমদানিকৃত পণ্যের রাসায়নিক পরীক্ষার জন্য তা কেমিক্যাল ল্যাব টেস্টে পাঠানো হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউস সূত্রে জানা যায়, আমদানিকারক প্রতিষ্ঠান ‘অনিন্দিতা ইন্টারন্যাশনাল’ ভারত থেকে ১০০ প্যাকেট টেলকম পাউডার আমদানির ঘোষণা দিয়ে পণ্যটি বেনাপোল বন্দরে আনে। বন্দর থেকে ট্রাকযোগে (যশোর ট-১১-৬৩৯৩) পণ্যটি খালাস করে বের হয়ে যাওয়ার ঠিক পূর্বমুহূর্তে কাস্টমসের ইনভেস্টিগেশন, গবেষণা ও ব্যবস্থাপনা (আইআরএম) টিমের সদস্যরা ট্রাকটি আটক করেন। প্রাথমিক অনুসন্ধানে পণ্য চালানটিতে সন্দেহজনক কেমিক্যালের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে পণ্য চালানটি ছাড়করণের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট ‘ব্রাইট ইন্টারন্যাশনাল’।
এ বিষয়ে বেনাপোল কাস্টমস কমিশনার ফাইজুর রহমান বলেন, শুল্ক ফাঁকির যেকোনো অপতৎপরতা রোধে কাস্টমস হাউস সতর্ক অবস্থানে রয়েছে। শুল্ক ফাঁকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
ডিআর

