মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। পূর্বনির্ধারিত ১৫ নভেম্বরের পরিবর্তে এখন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মোটরসাইকেল মালিকরা এই সুযোগ পাবেন।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সম্মুখভাগেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন করা বাধ্যতামূলক। এ বিধান বাস্তবায়নের লক্ষ্যে নির্ধারিত শর্ত মেনে মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
গণবিজ্ঞপ্তিতে দুই ক্যাটাগরির মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের আলাদা মাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে:
মোটরসাইকেল (স্কুটার): ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার।
অন্যান্য মোটরসাইকেল (স্কুটার ব্যতীত): নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে।
অক্ষর ও সংখ্যার আকার: উভয় ক্ষেত্রেই নম্বরপ্লেটে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নম্বরপ্লেট তৈরির ক্ষেত্রে বেশ কিছু কঠোর নির্দেশনা দিয়েছে বিআরটিএ:
ম্যানুয়াল নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।
সাদা পটভূমির ওপর স্পষ্ট কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
নম্বরপ্লেটের ওপর অন্য কোনো ধরনের শোভাবর্ধন, আলপনা বা নকশা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরটি একটি আনুভূমিক রেখায় (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯) প্রদর্শন করতে হবে।
ডিআর

