সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দাপট দেখিয়ে দুর্দান্ত জয় তুলে নেওয়ার পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৪ নভেম্বর রাত আটটায় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই লঙ্কান রক্ষণভাগে চরম চাপ সৃষ্টি করে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে হামজার আক্রমণ থেকে সৃষ্ট সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোল করেন শমিত সোম। এরপর প্রথমার্ধের শেষ দিকে (৪৩ মিনিটে) অধিনায়ক হিসেবে অভিষিক্ত হামজা চৌধুরী দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। ম্যাচের ৫৩তম মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে অবিশ্বাস্য এক গোল করেন ফারহান আলী, যা দলের ব্যবধান ৩-০ তে নিয়ে যায়।
ম্যাচের শেষভাগে রাকিব হোসেন প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানিয়ে চিপ শটে বল জালে জড়িয়ে দলের চতুর্থ গোলটি পূর্ণ করেন।
পুরো ম্যাচে শ্রীলঙ্কা দল কোনো প্রতিরোধ গড়তে পারেনি। এই বিশাল জয়ের মাধ্যমে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা ছন্দে থেকেই পরবর্তী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।
ডিআর

