আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি দলটির পক্ষে প্রচারণা চালানোও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে গণমাধ্যমকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস নতুন কোনো বিষয় নয়। দলটির জন্মলগ্ন থেকেই আগুন সন্ত্রাস, গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তিনি বলেন, যারা বর্তমানে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের রাজনীতি ধ্বংসাত্মক। এ কারণেই তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, গেজেটে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ, সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষ এ বিষয়ে তৎপর রয়েছেন। পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো সন্ত্রাসী সংগঠন ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাতের বেলায় বিচ্ছিন্নভাবে স্লোগান দেওয়া কিংবা কোথাও যানবাহনে আগুন দেওয়ার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অল্প কয়েকজন ব্যক্তি রাতের অন্ধকারে এসে স্লোগান দিয়ে দ্রুত সরে যেতে পারে। একইভাবে কোথাও গাড়ি বা বাস রেখে তাতে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে এসব ঘটনার মধ্য দিয়ে বারবার আগুন সন্ত্রাসের বিষয়টি সামনে আসছে বলে মন্তব্য করেন তিনি।
বিএইচ

