ঠিকাদার যদি লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দেন, তবে সেটি ঘুষের মধ্যে পড়বে না- এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে নবীন প্রকৌশলীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার একপর্যায়ে প্রতিমন্ত্রী বলেন, “ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।”
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যক্রমের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সংস্থটির অধীনে ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে এবং আরও ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে।
নবীন প্রকৌশলীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পক্ষ যেন অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে তাদের দিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে। এ সময় কাজের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ডিআর

