ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৯ অভিবাসন প্রত্যাশীর মধ্যে ৮ জনই বাংলাদেশি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এ এফ এম জাহিদ উল ইসলাম।
তিনি বলেন, “সর্বশেষ আপডেট হচ্ছে, ২৭ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। তাকে জার্জিস থেকে তিউনিসিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
“আজকে ভোর পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, দূতাবাস থেকে যে খবর পেয়েছি- তাতে ৯ জন মৃত্যুবরণ করেছেন, তার মধ্যে ৮ জন বাংলাদেশি এবং অন্যজন পাকিস্তানের।”
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসী সাগরপথে ইউরোপ যাচ্ছিলেন। যাত্রার মধ্যে ১৫ ফেব্রুয়ারি তিউনিসিয়া উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে অগ্নিকাণ্ড ঘটে।
নিহত ৮ বাংলাদেশি হলেন— মাদারীপুরের রাজৈর উপজেলার সজল, পরিতোষ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস, মামুন সেখ, কাজী মিজানুরের ছেলে কাজি সজীব, কায়সার, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাদনের ছেলে রিফাত, রাসেল ও মো. পান্নু শেখের ছেলে ইমরুল কায়েস আপন।
মৃতদেহ কীভাবে দেশে আনা হবে, সে বিষয়ে দূতাবাস কাজ করছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাহিদ বলেন, “প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে মিলে মরদেহ আনার ব্যবস্থা করা হবে।”
দূতাবাস জানিয়েছে, নিহত ও উদ্ধার হওয়া বাংলাদেশিদের তথ্য নিশ্চিত করতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল সোমবার তিউনিসিয়ার জারজিস শহরে গেছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ২৭ বাংলাদেশির মধ্যে যিনি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেই মনতোষ সরকার মাদারীপুরের রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের মনোরঞ্জন সরকারের ছেলে।
মানবকণ্ঠ/এসআরএস

