কথা দিয়ে কথা না রাখার প্রচলিত ট্রেন্ডে তিনি এক উজ্জ্বল ও অনন্য ব্যতিক্রম। ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা এবং বোনের প্রতি ভাইয়ের নিঃশর্ত প্রতিশ্রুতির এক অবিশ্বাস্য ও হৃদয়স্পর্শী গল্পের কেন্দ্রবিন্দুতে এখন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা জয়দেব বিশ্বাস। কারণ, গত তিন দশক বা প্রায় ৩০ বছর ধরে তিনি একটি জলপাইয়ের আঁটি মুখেই পুরে ঘুরে বেড়াচ্ছেন!
রণ-বনে-শয়নে-স্বপনে—সর্বক্ষণ সেই আঁটি তাঁর সঙ্গী। পানি খাওয়া, দাঁত মাজা, খাওয়া-দাওয়া এমনকি ঘুমের মধ্যেও সেটি থাকে তাঁর মুখে। ফলে কথা বলতে গেলে কিছুটা জড়িয়ে যায়। ভুলবশত অনেকে তাঁকে তোতলা মনে করলেও তাতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই জয়দেবের। কারণ, বোনকে দেওয়া কথা তাঁকে যে যেকোনো মূল্যে রাখতেই হবে।
বিদ্যুৎ বণ্টন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী ও মধ্যবিত্ত পরিবারের মানুষ জয়দেবের জীবনে কোনো আপন বোন ছিল না। ভাইফোঁটার দিনে চারপাশের উৎসবমুখর পরিবেশ দেখলে তাঁর মন খারাপ হয়ে যেত। প্রতিবেশিনী ও বাঘাযতীন কলেজের অধ্যাপিকা অগ্নিবীণা দেবীকে একদিন নিজের এই দুঃখের কথা জানান জয়দেব। সঙ্গে সঙ্গে রাজি হন অগ্নিবীণা এবং জানান, তিনিই জয়দেবকে ফোঁটা দেবেন।
এরপর থেকে নিয়ম করে প্রতি ভাইফোঁটায় জয়দেবের কপালে চন্দনের ফোঁটা দিতেন অগ্নিবীণা। নিজ হাতে রান্না করতেন পঞ্চব্যঞ্জন—মাছ, মাংস, মিষ্টি, পায়েস আর শেষ পাতে জয়দেবের সবচেয়ে পছন্দের জলপাইয়ের চাটনি।
সালটা ১৯৯৬। ভাইফোঁটার দিন ফুলতোলা আসনে বসে তৃপ্তিভরে জলপাইয়ের চাটনি খাচ্ছেন জয়দেব, সামনে বসে হাসিমুখে তা দেখছেন অগ্নিবীণা। হঠাৎই মুচকি হেসে বোন জানতে চান, ‘তাহলে এই জলপাইয়ের আঁটি তুমি কত দিন মুখে রাখতে পারবে?’ উত্তরে গর্বের সঙ্গে জয়দেব বলেছিলেন, ‘তুই না বলা পর্যন্ত মুখেই রেখে দেবো।’
ব্যস, সেই শুরু! প্রথম দিকে জিভে ঘা হওয়া, রক্তপাতসহ নানামুখী শারীরিক অস্বস্তি থাকলেও জয়দেব আঁটিটি মুখ থেকে ফেলেননি। সময়ের সঙ্গে তা তাঁর অভ্যাসে পরিণত হয়।
২০১২ সালের ২৪ জানুয়ারি মারা যান অগ্নিবীণা দেবী। বোনকে হারানোর সেই বেদনা আজও ভুলতে পারেননি জয়দেব। গলা জড়িয়ে আসা কান্নায় তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘বোন তো আজ আর নেই। যতদিন বেঁচে আছি, তার স্মৃতিটুকুই এভাবে আগলে রাখব।’
ডিআর

