মালয়েশিয়ার জোহর প্রদেশের আয়ার হিতাম শহরে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে ৯ জন বাংলাদেশি সহ মোট ৩২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
জোহর রাজ্যের অভিবাসন বিভাগ গত ৬ আগস্ট সন্ধ্যায় বন্দর বারু আয়ার হিতাম এলাকায় \'অপস বেলাঞ্জা\', \'অপস সেলেরা\', \'অপস সাপু\' এবং \'অপস কুটিপ\' নামক কয়েকটি বিশেষ অভিযান চালায়। এসব অভিযানে মোট ৬২ জন বিদেশি ও স্থানীয় নাগরিককে তল্লাশি করা হয়।
জোহর জেআইএমের পরিচালক দাতুক মোহাম্মদ রোসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, আটককৃতদের মধ্যে ২০ জন পাকিস্তানি পুরুষ, ৯ জন বাংলাদেশি পুরুষ, এবং ৩ জন ইন্দোনেশিয়ান (একজন পুরুষ ও দুজন মহিলা) রয়েছেন। তাদের বিরুদ্ধে বৈধ ওয়ার্ক পারমিট বা পাস ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থানের অভিযোগ আনা হয়েছে, যা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এর অধীনে একটি অপরাধ।
সূত্র: দ্য স্টার নিউজ

