‘ব্ল্যাক হক ডাউন’ সিনেমাটি আপনি নিশ্চয়ই দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে সোমালিয়া রাষ্ট্রের কথা অবশ্যই আপনার অজানা নয়। আফ্রিকার এই দেশটি বর্তমানে সারা বিশ্বে ব্যর্থ রাষ্ট্রের প্রকৃষ্ট উদাহরণ হিসেবে পরিচিত। সরকারের নিয়ন্ত্রণ অত্যন্ত দুর্বল, অর্থনীতির অবস্থা বেহাল, প্রতিষ্ঠানগুলো অথর্ব, জঙ্গিগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে বিস্তীর্ণ অঞ্চল এবং জনগণের মৌলিক সুযোগ সুবিধার একান্তই অভাব। কিন্তু সোমালিয়া কি বরাবরই এমন ছিল? উত্তর- না। আমরা সোমালিয়া নামে যে ভূখণ্ডকে চিনি তা প্রাচীন আমলে খুবই শক্তিশালী ছিল। অর্জন করেছিল দারুণ প্রসিদ্ধি। খোদ ফারাওদের মিসরে এই সোমালিয়া থেকে রপ্তানি হতো সোনা, হাতির দাঁত এবং পশুরপাল। ইতালি ও ব্রিটেন সোমালিয়াকে দু’ভাগে ভাগ করে নেওয়ার পরেও প্রাচীন সব স্থাপনা, সুরম্য মসজিদ এবং সমৃদ্ধির জোরে রাজধানী মোগাদিসু অর্জন করেছিল ‘আফ্রিকার মুক্তো’ খেতাব। যা আজ সব অতীত। ভারত মহাসাগরে সোমালিয়া জলদস্যুদের ক্রমাগত হানা দেওয়া বৈশ্বিক মানচিত্রে বিশেষ কুখ্যাতি দিয়েছে। অতিসাধারণ জেলে পরিবার থেকে উঠে আসা এ মানুষগুলোই বা দস্যুপনায় মেতে উঠল কীভাবে? চলুন জেনে আসা যাক এর পেছনের ইতিহাস। সোমালিয়াদের অতীত কর্মকাণ্ড নিয়ে আজকের এই প্রতিবেদন লিখেছেন- আহসান হাবিব
সোমালিয়ার ইতিহাস: ১৬৫০ সালের পর এডেন উপসাগরের নিকটবর্তী এ দেশ তখন রাজনৈতিক শাসন ও স্বৈরাচারী উপনিবেশ থেকে পুরোপুরি মুক্তভূমি। দেশের সর্বত্র তখন শান্ত-স্নিগ্ধ-নির্মল পরিবেশ। আর্থিক অভাব-অনটন থাকলেও তার ছিটেফোঁটাও বোঝার উপায় ছিল না। সমুদ্রের নোনাজল থেকে মৎস্য আহরণ করে সুখেই দিনাতিপাত করছিল সোমালিয়ার মানুষগুলো। ঠিক সেসময় বিশ্বের অন্য প্রান্তে রাজ্য বিস্তারের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে শক্তিধর সাম্রাজ্যগুলো। যাতায়াতের জন্য তারা বেছে নেয় নির্ঝঞ্জাট সমুদ্রপথকে। পুরো বিশ্বের এখানে-সেখানে দাপটে চষে বেড়ায় তারা। চলে একের পর এক সাম্রাজ্য অভিযান, রাজ্য জয়ের প্রচেষ্টা।
এসব অভিযানে নাবিক ও কুলি হিসেবে যাদের ব্যবহার করা হতো, তাদের উপর চলতো অকথ্য নির্যাতন। হাড়ভাঙা খাটুনির পরও মিলত না একবেলার আহার। ক্ষুধা-তৃষ্ণায় রোদে পুড়ে যেন একেকজন কালো ছাই। খাদ্যাভাবে, রোগ-শোকে তাদের কর্মক্ষমতা যখন শূন্যের কোঠায়, তখন অসহায় এসব মানুষদের ছুড়ে ফেলা হতো সাগরের অতল জলরাশিতে। অথৈ জলেই তারা ঢলে পড়তো মৃত্যুর কোলে। ঠান্ডা জলের সংস্পর্শে আধো ডুবো এ লাশগুলো ঢেউয়ের তোড়ে আছড়ে পড়তো সোমালিয়া উপকূলে। তা দেখেই আঁতকে উঠতো সোমালি মানুষগুলোর মন। রক্তক্ষরণ হতো হৃদয়ে। এতেই শক্তিধর রাজ্যগুলোর প্রতি জন্ম নেয় বিরূপ ধারণা।
সোমালিয়া যুদ্ধ: ইথিওপিয়া ও সোমালিয়া যুদ্ধ বা ওগাদেন যুদ্ধ ছিল ১৯৭৭ সালের জুলাই থেকে ১৯৭৮ সালের মার্চ পর্যন্ত। বিরোধপূর্ণ ওগাদেন অঞ্চল নিয়ে ইথিওপিয়া ও সোমালিয়ার মধ্যে সংঘটিত একটি যুদ্ধ। সোমালিয়া কর্তৃক ইথিওপিয়া আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। সোভিয়েত ইউনিয়ন সোমালি আক্রমণের বিরোধিতা করে ইথিওপিয়াকে সমর্থন দেয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইথিওপিয়াকে সমর্থন দেয়া থেকে বিরত থেকে সোমালিয়াকে সহায়তা করতে থাকে। যুদ্ধের প্রথম দিকে ইথিওপিয়া শোচনীয় পরাজয় বরণ করার সম্মুখীন হয়। তখন সোভিয়েত ইউনিয়ন ইথিওপিয়াকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা করার জন্য আকাশপথে সামরিক সহায়তা প্রদান করে।
সুযোগেরই সদ্ব্যবহার করল সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তিগুলো। ঝোপ বুঝে কোপ দিলো সেখানে এবং পরিকল্পনা মাফিক পাঁচ খণ্ডে বিভক্ত করলো বৃহৎ সোমালি জনপদকে। উত্তর আর দক্ষিণ সোমালিয়া গেল ব্রিটেন আর ইতালির অধীনে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অংশটুকু নিয়ে কেনিয়ার সাথে এঁটে দেওয়া হলো। বর্তমান জিবুতি কুক্ষিগত হলো ফরাসিদের মুষ্টিতে আর অবশিষ্ট ওগাদেন অঞ্চল যায় ইথিওপিয়ার দখলে। মৎস্য আহরণ আর শস্য উৎপাদনে অভ্যস্ত সোমালিদের তখন অস্ত্র আর গোলাবারুদের মুখে কিছুই করার ছিল না। শুরু হলো শাসন-শোষণের যাঁতাকলে নিষ্পেষিত হওয়ার এক রোমহর্ষক অভিযাত্রা।
সিয়াদ বারে নামক এক সেনা কর্মকর্তার আগমন: ১৮৮৫ থেকে ১৯৬৯ সাল। নোংরাভাবে শাসিত হওয়া শুরু করলো সোমালি জনপদ। অতঃপর ১৯৬৯ সালের শেষাংশে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সোমালিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করে সিয়াদ বারে নামে এক সেনা কর্মকর্তা। ব্রিটিশ ও ইতালীয়দের নিকট থেকে প্রশিক্ষণ প্রাপ্ত সিয়াদ বারের হাত ধরেই চলতে লাগলো সোমালিয়া। তবে, দানাবাঁধা ওগাদেন যুদ্ধ, সামরিক বিবাদ, অতর্কিত হামলা, গোত্র সংঘাত, নির্বিচারে গণহত্যা ইত্যাদি নানাবিধ কারণে তোপের মুখে ১৯৯২ সালে ক্ষমতার মসনদ ছেড়ে কেনিয়ায় পালাতে বাধ্য হন ষাটোর্ধ্ব এ নেতা। অবসান ঘটে সুদীর্ঘ ২২ বছরের সিয়াদ বারে শাসনের। বিলুপ্ত হয় সোমালিয়ান সরকার ব্যবস্থা।
সিয়াদ বারের পতনের পর অস্থিতিশীল গোষ্ঠীগুলো পুনরায় মেতে উঠে ক্ষমতা দখলের অন্তর্দ্বন্দ্বে। শান্ত-স্নিগ্ধ সোমালি জনপদ আবারও পরিণত হয় নরকভূমিতে। বিষয়টি নজর কাড়ে যুক্তরাষ্ট্রের। মিত্র দেশগুলোর সহযোগিতায় তারা সেখানে গড়ে তুলে সামরিক মহড়া। পাঠায় মানবিক সহযোগিতা। শুরু হয় হামলা-অভিযান। এসব অভিযানে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, ধরপাকড়। নিহত হয় হাজারো মানুষ। তবে, কিছুদিন যেতে না যেতেই হাঁপিয়ে উঠে আমেরিকাও। তোপের মুখে বাধ্য হয় সোমালিয়া ছাড়তে। অতঃপর, ১৯৯৫ সালে তল্পিতল্পা গুটিয়ে সোমালিয়া ছেড়ে যায় তারা।
ইউরোপীয়দের বেআইনি কর্মতৎপরতা: একদিকে আমেরিকার সোমালিয়া ছেড়ে যাওয়া, অন্যদিকে শাসন-শোষণের পর দেশটিতে বিরাজ করে স্থবির পরিস্থিতি। এমনকি ভঙ্গুর অর্থনীতি পুনরুজ্জীবিত করতে অবশিষ্ট কোনো সম্বলও ছিল না তাদের। নিম্নবিত্ত এ দেশটি যুদ্ধের তাণ্ডবে পরিণত হয়েছে নরকপুরীতে। নিজেদের সমুদ্র উপকূলও তখন নিরাপত্তার অভাবে খাঁ খাঁ করছে। এ সময় ইউরোপীয় দেশগুলোতে শুরু হয় শিল্পোৎপাদন বৃদ্ধির বাণিজ্যিক প্রচেষ্টা। বাজার সম্প্রসারণে উঠেপড়ে লাগে তারা। বৃদ্ধি পায় সম্ভাবনাময় শিল্পকারখানার সংখ্যা। তবে, এসবের সাথে তাল মিলিয়ে তৈরি হয় ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বর্জ্য পদার্থ। বর্জ্য ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট স্থান, পরিকল্পনা ও নীতিমালার অভাবে বর্জ্য বোঝাই বৃহদাকার কন্টেইনারগুলো স্থানান্তরিত হয় ইতালীয় মাফিয়াদের কাছে। তারা সেগুলো খালাস করে সোমালিয়ার উপকূলে। ক্ষতিকর এসব বর্জ্যে বিদ্যমান ক্যাডমিয়া, নিকেল ও সীসার মতো কেমিক্যালের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে উপকূলের আনাচে-কানাচে। আশপাশের মানুষগুলো আক্রান্ত হয় বিচিত্র সব রোগে। কমতে শুরু করে সমুদ্র উপকূলের মৎস্য সম্পদ।
রাতের আঁধারে যে জাহাজগুলো বর্জ্য খালাস করছিল, ফিরে যাওয়ার পূর্বে তারাই ধরে নিয়ে যাচ্ছিল মিলিয়ন ডলার মূল্যের ঝাঁকে ঝাঁকে মাছ। এমনকি দিনের বেলায়ও সোমালিয়ার উপকূল থেকে বেআইনিভাবে মৎস্য শিকার করছিল ইয়েমেন, ইরান ও ইউরোপীয় দেশগুলো। এর মাধ্যমে ফুলে ফেঁপে উঠছিল তারা, পূর্ণ করছিল নিজেদের অর্থ ভাণ্ডার। এতে করে উপকূলের মৎস্যের অভাব ক্রমশই প্রকট হতে শুরু করলো। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেও তেমন কোনো সুফল পাওয়া গেল না। পদক্ষেপের ছিটেফোঁটাও গ্রহণ করেনি কেউ। এতে ক্ষোভ সৃষ্টি হয় সমগ্র জেলেপাড়ায়। সিদ্ধান্ত হলো- উপকূলে রহস্যজনকভাবে ঘুরে বেড়ানো জাহাজগুলোকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেবে তারা। শুরু হলো ছোট ছোট নৌকা করে পাহারা দেওয়া।
সোমালিয়া জলদস্যুদের উত্থান: সোমালিয়া আফ্রিকার ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক দেশ। ষাটের দশকে ‘আধুনিক সোমালিয়া’র কাহিনী ছিল স্বাধীনতা, সমৃদ্ধি ও গণতন্ত্রের। শান্তি ও সমৃদ্ধিতে আফ্রিকার সুইজারল্যান্ডও বলা হতো সোমালিয়াকে। কিন্তু আজ সেই দেশ অনেকের কাছে এক আতঙ্কের নাম।
প্রাচীনকালে সোমালিয়া ছিল একটি জরুরি বাণিজ্যিক কেন্দ্র। মধ্যযুগে বেশ কয়েকটি সোমালি সাম্রাজ্য আঞ্চলিক বাণিজ্যের নেতৃত্ব দিত। ১৯৬৯ সালে প্রেসিডেন্ট আলী শারমা তারই দেহরক্ষীদের হাতে নিহত হলে প্রেসিডেন্টের দায়িত্ব নেন পার্লামেন্টের স্পিকার মুখতার মোহামেদ হুসেইন। এর ছয় দিনের মাথায় সংঘটিত হয় এক সামরিক অভ্যুত্থান। মূলত তখনই অবসান ঘটে সোমালিয়ার গণতান্ত্রিক যুগের। দেশটিতে সামরিক স্বৈরাচারী শাসন চলে ১৯৯০ সাল পর্যন্ত। শুরু হয় গৃহযুদ্ধ।
ভৌগোলিকভাবে বন্দরের সুবিধাজনক এ দেশে যাত্রাবিরতির উদ্দেশ্যে নোঙর করা শুরু করলো পালতোলা জাহাজগুলো। সুচতুর দলপতি ও তুখোড় নাবিকরা নীরবে-নিভৃতে পরখ করতে শুরু করলো তাদের জীবন প্রক্রিয়া। কোনোরূপ ক্ষতির আশঙ্কা না দেখায় সোমালিরাও সাহায্য করছিল তাদের। সময়ের সাথে সাথে জাহাজে ভেসে বেড়ানো এসব মানুষগুলোর প্রতি বিরূপ মনোভাব কেটে গিয়ে তৈরি হতে লাগলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি।
লোহিত সাগর ও আরব সাগরের নীল জলরাশির সমুদ্রতট ঘেঁষে অবস্থিত পৃথিবীর অন্যতম দস্যুরাষ্ট্র সোমালিয়া। হর্ন অব আফ্রিকার এ দেশের নামটুকু শোনামাত্র মানসপটে ভেসে ওঠে পণ্য পরিবাহী জাহাজ লুটপাট, নাবিকদের অপহরণ, মুক্তিপণ আদায় কিংবা অতর্কিত হামলা, গোলাবর্ষণ ইত্যাদি সব দুর্ধর্ষ কর্মকাণ্ডের ভয়ংকর চিত্রপট। সেজন্য পৃথিবীজুড়ে কুখ্যাতিরও জুড়ি নেই তাদের। কিছুকাল পূর্বেও যে দেশের জনগণ মৎস্য আহরণ আর শস্য উৎপাদনকে বেছে নিয়েছিল জীবিকা নির্বাহের অবলম্বন হিসেবে, রাতারাতি কিভাবে তারা পরিণত হলো এক ভয়ংকর দস্যু জাতিতে? কী এমন ঘটলো যার কারণে হতদরিদ্র এ দেশটি বদলে গেল জলদস্যুতার বীভৎস থাবায়?
জানা যায়, সোমালিয়া উপকূলে জলদস্যুতা মূলত এই উপকূলে অবৈধভাবে মাছ ধরার ফলে সৃষ্টি হয়েছিল। ডিআইডব্লিউ এবং মার্কিন হাউজ আর্মড সার্ভিসেস কমিটির মতে, বিদেশি জাহাজ থেকে সোমালি উপকূলে বিষাক্ত বর্জ্য ডাম্পিং করার ফলে স্থানীয়দের বসবাসের জন্য হুমকি হয়ে উঠেছিল। এর প্রতিবাদে স্থানীয় জেলেরা সশস্ত্র দলে বিভক্ত হয়ে বিদেশি জাহাজ এ অঞ্চলে প্রবেশ বন্ধ করার চেষ্টা করে। পরবর্তীতে বিকল্প আয় হিসেবে তারা বিদেশি বাণিজ্যিক জাহাজ মুক্তিপণের জন্য ছিনতাই শুরু করে।
১৯৯৫ সালের কোনো একদিন। উপকূলে অবৈধ জাহাজের অনুপ্রবেশ রোধে চলছে নজরদারি। নিত্যদিনের মতোই বসেছে কঠোর পাহাড়া। স্থানীয় জেলেদেরই কয়েকটি দল পালাক্রমে পালন করছে এ দায়িত্ব। তবে, তাদের ছোট নৌকা করে এসব গতিদানবের কাছাকাছি যেতেও বেশ বেগ পেতে হচ্ছে। এমনই এক দিনে, আচমকা অদূরে ভেসে থাকা একটি জাহাজের দেখা মিলল। দেরি না করে তারাও ঝটপট তৈরি হয়ে রওনা করল এর জেটির পানে। ছোট নৌকা করে তারা ঘিরে ফেলতে সমর্থ হলো এবং ডাঙার কাছাকাছি নিয়ে এলো। জেলেদের কোটরাগত বিবর্ণ চোখ আর শুকনো চোয়ালের মুখাবয়ব দেখে জাহাজের নাবিকরা বেশ ভরকে গেলো। তাই, তাদের শর্তমতো ক্ষতিপূরণ প্রদানে সম্মত হলো তারা। প্রদান করা হলো মূল্যবান অর্থসামগ্রী। সবকিছু বুঝে নেওয়ার পর প্রতিশ্রুতি মোতাবেক জেলেরাও ছেড়ে দিল তাদের।
সেদিনের সেই ছোট্ট ঘটনাই মোড় নিল আজকের আধুনিক জলদস্যুতায়। তাড়িয়ে দেওয়ার চেয়ে জব্দ করে ক্ষতিপূরণ কিংবা মুক্তিপণ আদায় করা যে বেশ সহজ, সেটি বেশ পছন্দ হয় জেলেদের কাছে। সৃষ্টি হয় বাড়তি আয়ের এক দারুণ সুযোগ! আর তাই নিজেদের শক্তিমত্তার পূর্ণ প্রয়োগে উঠেপড়ে লাগে সবাই। হাতে তুলে নেয় আধুনিক অস্ত্র, গোলাবারুদ, সাজ-সরঞ্জাম। স্টিলের পাতের ছোট নৌকাগুলোর সাথে এঁটে দেয় শক্তিশালী ইঞ্জিন, পাল্টে দেয় ক্ষিপ্র গতির আক্রমণাত্মক যুদ্ধযানে।
এরপর থেকেই উত্থান হয় সোমালিয়ার উপকূলে জলদস্যুতা। একবিংশ শতকের প্রথম দিকে সোমালিয়ার গৃহযুদ্ধের দ্বিতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে সোমালিয়ার এসব জলদস্যুরা।
সময়ের সাথে পাল্লা দিয়ে পরিবর্তন ঘটে তাদের কৌশলী কর্মযজ্ঞে। গড়ে ওঠে তিনটি শক্তিশালী ইউনিট। যাদের কার্যক্রমে রাখা হয় ভিন্নতা। এসব ইউনিটে যোগদানে এগিয়ে আসে জেলেদের ছোট ছোট দল, সরকারের সাবেক সেনাসদস্য ও প্রযুক্তিবিদগণ। সমুদ্রের নাড়ি-নক্ষত্র সম্পর্কে সবজান্তা জেলেদের কাজ বাকি সদস্যদের সঠিক পথে পরিচালিত করা, মনুষ্য ম্যাপের মতো দিকনির্দেশনা প্রদান করা। যুদ্ধের কলাকৌশল সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতায় এগিয়ে থাকায় সেনাসদস্যদের জায়গা হয় অতর্কিত হামলা ও আক্রমণের অগ্রভাগে। অত্যাধুনিক জিপিএস প্রযুক্তির উৎকর্ষ প্রয়োগ ও বাণিজ্যিক জাহাজের রাডারের চোখ ফাঁকি দিতে কাজে হাত বাড়ায় প্রযুক্তি বিশেষজ্ঞের দল। আক্রমণের জন্য জলদস্যুরা সাধারণত বেছে নেয় গভীর রাত থেকে ভোরের সময়টা। এসব আক্রমণে ব্যবহƒত হয় জচএ-৭, ঞঞ৩৩, ঞুঢ়ব৫৬, অক৪৭, অকগ, জচক, চক ইত্যাদি অস্ত্রশস্ত্র। এছাড়া ব্যবহƒত হয় ঋ১ ও জএউ-৫-এর মতো হাতবোমাও!
১৯৯৫ থেকে ২০২৪ : যত জাহাজ লুট আর অপহরণ: জাহাজ লুট, নাবিকদের অপহরণ, অতর্কিত হামলা- এসব নানা অপরাধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সোমালিয়ার জলদস্যুরা। বছরের পর বছর ধরে মোটা অংকের মুক্তিপণ আদায়, প্রাণনাশের পাশাপাশি দুধর্ষ সব কর্মকাণ্ডের মূল হোতা আফ্রিকার এ দেশটির দস্যুরা।
১৯৯৫ সালে এদের বিচরণ শুরু হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এদের অপতৎপরতা বেড়েছে বহুগুণে। বেশিরভাগ সময় তারা মুক্তিপণের বিনিময়ে জাহাজ ও নাবিকদের ছেড়ে দিলেও, কয়েকটি ঘটনায় জিম্মিকে হত্যা করে দস্যুরা।
২০০৫ সালে এমভি ফাইস্টি নামে একটি পেট্রোলিয়াম গ্যাস ট্যাঙ্কার ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। হংকং ভিত্তিক কোম্পানির জাহাজটির মালিক পরবর্তীতে তিন লাখ ১৫ হাজার ডলার দিয়ে মুক্ত করে তা। এমনটাই জানায় জাতিসংঘ। একই বছর এমভি স্যামলো নামে অন্য আরেকটি জাহাজ আটক করে জলদুস্যরা। জাহাজটি জাতিসংঘের পক্ষ থেকে সুনামি দুর্গতদের জন্য খাবার নিয়ে মোম্বাসা, কেনিয়ার থেকে বোসাসো যাচ্ছিলো। এ ঘটনার ১০০ দিন পর মুক্তিপণ ছাড়াই জাহাজটি ছেড়ে দেয় দস্যুরা।
এখানেই শেষ নয় কয়লার কার্গো নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে তুরস্কের দিকে যাচ্ছিলো এমভি পানজিয়া নামের একটি জাহাজ। সোমালিয়া উপকূল থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে দস্যুদের কবলে পড়ে এটি। পরবর্তীতে কেনিয়ার মোম্বাসায় জলদস্যুদের প্রতিনিধির কাছ থেকে সাত লাখ ডলার মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়িয়ে নেয় ইউক্রেন ভিত্তিক কোম্পানিটি।
২০০৫ সালে ২১০জন যাত্রী নিয়ে সমুদ্রপথে যাত্রা করে সীবর্ণ স্পিরিট নামে বিলাসবহুল একটি জাহাজ। দুটি স্পিডবোটে নিয়ে তাদের ওপর ক্রমাগত আক্রমণ ও গুলিবর্ষণ করে জলদস্যুরা। কিন্তু যাত্রীদের বিচক্ষণতায় ব্যর্থ হয় তারা।
২০০৬ সালে আবারও দস্যুগিরির খেলায় মেতে ওঠে তারা। ভারতের নিবন্ধিত এমভি সাফিনা আল-বিরসারাত ও এর ১৬ জন ক্রুকে আটক করে তারা। পরে আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতায় আত্মসমর্পণ করে ১০ জলদস্যু এবং তাদের পাঠানো হয় কেনিয়ার মোম্বাসায়। যেখানে সাত বছর কারাদণ্ড ভোগ করেন তারা। একই বছর যুক্তরাষ্ট্রের আরও কিছু জাহাজ ছিনতাই করতে গেলে ব্যর্থ হয় সোমালিয়ান জলদস্যুরা, প্রাণ হারান একজন এবং গ্রেফতার করা হয় আরও ১২ জনকে।
২০০৭ এর চিত্রটাও কিছুটা একইরকম। স্বংক্রিয় অস্ত্রের সাহায্যে ছয় কেনীয় ও শ্রীলঙ্কানসহ মোট ১২ জনের একটি জাহাজ দখল করে তারা। এরপর ২৭ ফেব্রুয়ারি সোমালির কোস্টগার্ডের সদস্যরা জাহাজটি পুনরুদ্ধারের চেষ্টা চালালে ব্যর্থ হন তারা। উল্টো প্রাণ হারান দুই কোস্টগার্ড। একই বছর মে মাসে ১০ জন চীনা, ২ তাইওয়ানী ও ২ ফিলিপিন্সের নাগরিকসহ একটি মাছ ধরার জাহাজ আটক করে জলদস্যুরা। এদের ভেতর এক চীনা নাগরিককে হত্যা করে তারা। কারণ মালিক পক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে দেখা করতে ব্যর্থ হয়। জলদস্যুদের এই ভয়াল থাবা থেকে রক্ষা পায়নি তানজানিয়া, ডেনমার্ক, গ্রিস, জাপান ও উত্তর কোরিয়াসহ অন্যান্য দেশের জাহাজ।
২০০৮ সালে সোমালিয়ার উপকূলবর্তী ভারত মহাসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর একের পর এক আক্রমণ চালায় জলদস্যুরা। এই সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হয়ে ৪৭ দিন আটক ছিলেন একজন জাহাজের ক্যাপ্টেন। অবশেষে ছয় লাখ ৭৮ হাজার ডলারের বিনিময়ে মুক্তি পান ওই ক্যাপ্টেন ও তার জাহাজ।
২০০৯ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেই জাহাজে হামলার হার ২০০৮ সালের একই সময়ের তুলনায় প্রায় ১০ গুণ বেশি ছিল। ২০০৯ সালের মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৭৯টি আক্রমণ চালিয়ে সোমালি জলদস্যুরা ২১টিতে সফল হয়েছিল। এই আক্রমণগুলোর বেশিরভাগই এডেন উপসাগরে ঘটেছিল। পরবর্তীতে সোমালি জলদস্যুরা তাদের হামলার পরিসর বাড়িয়ে ভারত মহাসাগরের কেনিয়ার উপকূল থেকে দক্ষিণের জাহাজগুলোতে হামলা চালানো শুরু করে।
২০১০ সালের ৮ মে আরব সাগরের গালফ অব এডেনে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে জার্মান অয়েল ট্যাংকার মারিডা মারগারিটা। জাহাজের ২২ ক্রুর দুজন ছিলেন বাংলাদেশি। তাদের একজন সে সময়ের প্রধান কর্মকর্তা জাফর ইকবাল, অন্যজন দ্বিতীয় প্রকৌশলী গিয়াস উদ্দিন আজম খান। প্রায় সাড়ে সাত মাস জিম্মি থাকার পর ওই বছর ২৮ ডিসেম্বর সাড়ে ৩৮ কোটি টাকার বিনিময়ে তারা মুক্তি পান।
মুক্তিপণ আদায়ে সোমালিয়া জলদস্যুদের দরকষাকষি
আন্তর্জাতিক গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রের তথ্য বলছে, জিম্মি করার পর শুরুতে জলদস্যুরা জাহাজে থাকা সব নথি ঘেঁটে মালিকের তথ্য সংগ্রহ করে। এরপর ‘বিশ্বস্ত’ একজন মধ্যস্থতাকারী মালিকের সঙ্গে যোগাযোগ করে এবং পরিস্থিতি ব্যাখ্যা করে।
জানা গেছে, জলদস্যুরা খুব বেশিদিন একটি জাহাজ আটকে রাখতে পারে না এবং তারা সেটি করতেও চায় না। তাই দ্রুত মুক্তিপণ আদায়ের জন্য যোগাযোগ স্থাপন ও দরকষাকষি করতে হয়। জাহাজ ছিনতাই, নাবিক-ক্রুদের জিম্মি করা থেকে শুরু করে মুক্তিপণ আদায়, বিপজ্জনক এ ধরনের কাজ জলদস্যুরা করলেও মুক্তিপণের ভাগ তারাই সবচেয়ে কম পায়। কারণ হিসেবে বলা হয়, জলদস্যুরা বছরে যে পরিমাণ অর্থ আয় করে, তার ১০ গুণ বেশি অর্থ পকেটে ভরে বীমা কোম্পানিগুলো। মূলত জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলোর বিমা করা থাকে। এ পরিস্থিতিতে দ্রুত তারা বিমা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে। পরে ওই কোম্পানির প্রতিনিধিরা জলদস্যুদের মধ্যস্থাতাকারীদের সঙ্গে যোগাযোগ করেন এবং একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত চুক্তি হলে, মালিকপক্ষ একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে মুক্তিপণের অর্থ পৌঁছে দিতে চুক্তি করে।
মধ্যস্থতাকারী চুক্তির শর্ত ভঙ্গ করলে পরিস্থিতি সামাল দিতে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ করে। জানা যায়, আইনজীবীরা প্রায় তিন লাখ ডলার ফি নেন। আর মুক্তিপণের অর্থ পৌঁছে দেয়ার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান নেয় প্রায় এক লাখ ডলার। পাশাপাশি জাহাজের খরচ হিসেবে আরও ১০ লাখ ডলার দেয়া হয়। মুক্তিপণের অর্থ আসল, নাকি নকল, সেটা যাচাই করার পরই জলদস্যুরা জিম্মি করা জাহাজ এবং নাবিক ও ক্রুদের মুক্তি দেয়।
২০১০ সালের ১১ নভেম্বর ইন্দোনেশিয়া থেকে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে এমভি জাহানমনি। সিংগাপুর বন্দরে জাহাজটি যাত্রাবিরতি করে। যাত্রাবিরতি শেষে ২৭ নভেম্বর গ্রিসের উদ্দেশে রওনা হয় এমভি জাহানমনি। সেই জাহাজের মালিক ছিল চট্টগ্রামের কবির গ্রুপ। জাহাজে ২৫ জন নাবিক ও প্রধান প্রকৌশলীর স্ত্রীসহ মোট ২৬ জন ছিলেন ওই জাহাজে। ৫ ডিসেম্বর আরব সাগরে সোমালিয়া জলদস্যুরা জাহাজটিকে ছিনতাই করে এবং জাহাজটিকে সোমালিয়ার দিকে ঘুরিয়ে দেয়। জাহাজটি ১১ ডিসেম্বর সোমালিয়ার উপকূলের কাছে নোঙর করে। শুরু হয় জলদস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা। জাহাজের মালিক কবির গ্রুপের সঙ্গে কথা বলেন লিওন নামে এক ব্যক্তি। তিনি জলদস্যুদের পক্ষে দরকষাকষি করেন। জলদস্যুরা ৯ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করেন। দুই মাস ধরে আলোচনার পর ২২ ফেব্রুয়ারি চূড়ান্ত মুক্তিপণ নির্ধারণ করা হয়। এরপর জাহাজের কর্মকর্তারা জলদস্যুদের কাছ থেকে মুক্তির বিষয়ে লিখিত নিশ্চয়তা পান। ১২ মার্চ এমভি জাহানমনিতে দুটি বিশাল সুটকেস পাঠানো হয়। এতে মুক্তিপণের জন্য ৪ দশমিক ৬২ মিলিয়ন ডলার এবং জ্বালানির খরচ বাবদ ১ লাখ ডলার পাঠানো হয়। জলদস্যুরা টাকা গুনে ও যাচাই করে নিয়েছিল। এরপর জলদস্যুরা দ্রুত আলোচকদের কাছে সংকেত পাঠায় যে মুক্তিপণ গ্রহণযোগ্য। অবশেষে ১৩ মার্চ ভোরে প্রায় ১০০ দিন জলদস্যুদের আস্তানায় বন্দি থাকার পর জাহাজের নাবিকেরা মুক্তি পান। ২১ মার্চ ওমান হয়ে দেশে ফেরেন তারা।
১৩ বছর পর আবার কাকতালীয়ভাবে একই মালিকের আরেকটি জাহাজ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছে। ২০২৪ সালের ১২ মার্চ দুপুর ১টা ভারত মহাসাগরের সোমালিয়ান উপকূল থেকে সাড়ে ৫০০ নটিক্যাল দূর থেকে এসে জলদস্যুরা জিম্মি করে ২৩ জন নাবিক ও ক্রুসহ এমভি আবদুল্লাহ নামে কবির গ্রুপের আরেকটি বাণিজ্যিক জাহাজের দখল নিয়েছে সোমালিয়ার দস্যুরা। অন্তত তিনদিন চালিয়ে নোঙর করা হয়েছে সোমালিয়ার ঘেরাকাত উপকূলে। জাহাজটি মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে জলদস্যুদের কবলে পড়ে।
এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে মুক্ত করার ক্ষেত্রে জাহানমনির অভিজ্ঞতা কাজে লাগতে পারে বলে ধারণা করছে কবির গ্রুপ কর্তৃপক্ষ। কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ব্রেভরয়েল শিপিংয়ের তৎকালীন মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মেহেরুল করিম ‘জাহানমনি’ জাহাজের নাবিকদের উদ্ধারের জন্য জলদস্যুসহ বিভিন্ন পক্ষের সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনা চালিয়েছিলেন। ১০০ দিন দর কষাকষির পর তিনি সবাইকে মুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মেহেরুল করিম বর্তমানে এমভি আবদুল্লাহর মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনিই জিম্মি জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে প্রথম কথা বলেন। নাবিকদের মুক্ত করার কাজটি এবারও তিনিই দেখছেন।
২০১৩ সালে জাতিসংঘ, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নসহ বেশকিছু দেশের কঠোর হস্তক্ষেপ ও দমন নীতির পর সোমালীয়দের দস্যুবৃত্তি কমে আসে অনেকটা। তবে, ২০১৭ সালের মার্চ মাসে জ্বালানিবাহী ট্যাংকার এরিস আক্রমণের মাধ্যমে পাঁচ বছর পর আবারও বড়সড়ো কোনো হামলা করে তারা। চলতি বছর জানুয়ারিতে ইরানের পতাকাবাহী একটি মাছ ধরার জাহাজ অপহরণ করে সোমালিয়ার দস্যুরা। সেখানে ১৭ জন ইরানি নাগরিক ছিলেন।
একই মাসে ইরানের পতাকাবাহী আরেকটি মাছ ধরার জাহাজ এফভি আল নাঈমিতে ১১ জন সশস্ত্র জলদস্যু আক্রমণ করে ১৯ জন ক্রু সদস্যকে জিম্মি করে। তারা সবাই পাকিস্তানের নাগরিক। পরবর্তীতে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্র উদ্ধার করে জিম্মিদের।
সম্পদ আহরণে শোষক শ্রেণির অনৈতিক কর্মপন্থা অবলম্বন, আভিজাত্যপূর্ণ মোহময় জীবনের লোভ-লালসা আর এর ভয়াল থাবার কবলে পড়ে সোমালিয়ার প্রাণোচ্ছল জেলেরা আজ বয়ে বেড়াচ্ছে জলদস্যুতার কলঙ্কিত বোঝা। ভাগ্যের নির্মম পরিহাস আর সময়ের নীরব স্রোতে তারা আজ পুরো পৃথিবীর নিকট বীভৎস জাতিসত্তা। এ জাতিসত্তার উত্থানে ফুলে ফেঁপে ওঠা উন্নত বিশ্ব কতটুকু দায়ী?
মানবকণ্ঠ/এআই

