বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের এই গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সময়সূচি নিয়ে জটিলতার কারণে ভারতের অনুরোধে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, চলতি বছর সংলাপটি আর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা সংলাপ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, গত সপ্তাহে কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত বৈঠকটি স্থগিত করার অনুরোধ জানায়। পরে উভয় পক্ষের সম্মতিতে সংলাপটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানায়, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় এই সংলাপের জন্য দুই পক্ষই জোর প্রস্তুতি নিচ্ছিল। বৈঠক সামনে রেখে গত ৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় সভাও অনুষ্ঠিত হয়, যেখানে আলোচ্য বিষয়গুলো চূড়ান্ত করার বিষয়ে মতবিনিময় হয়েছিল।
সংলাপে দ্বিপক্ষীয় যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার কথা ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
সীমান্ত ও নাগরিক প্রত্যাবাসন: সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত দিয়ে বাংলাদেশে কথিত পুশ-ইন বন্ধ, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন এবং জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন।
ভিসা ও আইনি সহযোগিতা: ভিসা কার্যক্রম সহজীকরণ, পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএটি), প্রত্যর্পণ মামলা এবং সংশোধিত ভ্রমণ ব্যবস্থা (আরটিএ) নবায়ন।
প্রত্যর্পণ ইস্যু: এই বৈঠকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর বিষয়েও ভারতের সঙ্গে আলোচনা করতে চেয়েছিল বাংলাদেশ।
২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ শুরু হয় এবং এ পর্যন্ত চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। পরে ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক পত্রের মাধ্যমে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে অনুরোধ জানায় বাংলাদেশ। ২০২৫ সালের নভেম্বরে তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ঢাকার পক্ষ থেকে আবারও প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়।
ডিআর

