গত কয়েক বছর ধরেই পৃথিবীতে ঘটে চলেছে আবহাওয়ার অস্বাভাবিক আচরণ। মরুভূমির উত্তপ্ত বালুতে যেখানে পানির সংকট বিরাজ করতো, সেই মরুর বুকে বৃষ্টি আর সবুজের চিত্র ফুটে উঠেছে। অপরদিকে বছরের অধিকাংশ সময়ে ঠান্ডা থাকা ইউরোপে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। অধিক তাপমাত্রায় যুক্তরাজ্যের রাস্তার সিগন্যাল বাতি গলে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অসময়ে অস্বাভাবিকহারে বন্যা, দাবানলে বনাঞ্চল পুড়ে যাওয়া সহজেই বুঝিয়ে দেয় পুরো পৃথিবীই জলবায়ু সংকটে ভুগছে।
জলবায়ুর এ বিরূপ প্রভাবের রোষানল থেকে বাদ পড়েনি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত আমাদের এই বাংলাদেশ। নাতিশীতষ্ণ আমাদের এই দেশ অর্থাৎ শীত গ্রীষ্মে উষ্ণতার পার্থক্য কম থাকবে সেখানে আমাদের এখন প্রায় সারা বছরই গরম। গত বছর গরমের তীব্রতা বেশ সারাবছর জুড়ে থাকলেও এবার গ্রীষ্মের শুরুতেই গতবারের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড অতিক্রম করেছে।
চলতি বছরের গরমের শুরুতেই দাবদাহের বেশ লম্বা প্রভাব দেখা যাচ্ছে। আবহাওয়াবিদদের ধারণামতে ২০২৪ সাল হতে চলেছে পৃথিবীর উষ্ণতর বছর। বাংলাদেশে আবহাওয়ার ওপর মৌসুমি বায়ুর প্রভাব সবচেয়ে বেশি। সাধারণত এ অঞ্চলে ‘লা নিনা’র (সমুদ্রপৃষ্ঠের তাপমাত্র সমুদ্রাঞ্চলের গড় তাপমাত্রা থেকে কম) প্রভাব বেশি থাকে। যার ফলে প্রচুর পরিমাণে মৌসুমি বায়ু প্রবেশ করে এবং প্রচুর বৃষ্টিপাত হয়।
তবে এ বছরের ঘটনা অস্বাভাবিকভাবেই অন্যরকম হতে চলেছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এল নিনোর প্রভাব- কোনোটা থেকেই রেহাই পাচ্ছে না বাংলাদেশ। এবার শীত ও গ্রীষ্মকাল দুটোই শুষ্ক। ভারত থেকে মৌসুমি বায়ু দেরিতে প্রবেশ করছে। এল নিনোর প্রভাবে এবার দেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। ধারণা করা হচ্ছে ১৯৭৫ সালে দেশের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.১ ডিগ্রি অতিক্রম করে ৪৭ এ পৌঁছতে পারে।
‘এল নিনো’ সম্পূর্ণ আলাদা একটি প্রাকৃতিক ঘটনা; যা কয়েক বছর পর পর হয়। মূলত এটি হচ্ছে, প্রশান্ত মহাসাগরের নিরক্ষরেখার দক্ষিণের আবহাওয়ার এলোমেলো আচরণ। যা আবহাওয়ার বিশেষ নেতিবাচক অবস্থাকে বোঝায়। প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে ছাড়িয়ে যায় তখন তাকে এল নিনো বলা হয়। এর ফলে উপকূলীয় এলাকায় স্বাভাবিক বায়ুপ্রবাহ হারিয়ে যায়।
সাধারণত দুই থেকে সাত বছর পরপর এল নিনো পরিস্থিতি তৈরি হয়। যা ১৮ মাসের বেশি সময় পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। এল নিনো বন্যা, খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্কযুক্ত। বাংলাদেশের মতো উন্নয়নশীল যেসব দেশ কৃষিকাজ এবং মাছ ধরার ওপর নির্ভরশীল, তারাই এল নিনো দ্বারা অধিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
বাংলাদেশের কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব গত কয়েকবছর ধরেই দেখা যাচ্ছে। গতবছর তীব্র দাবদাহের কারণে ধানচাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। ধানসহ অন্যান্য ফসলে শস্য ঝরে পড়া, পাতা ঝলসে যাওয়াসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে দেশের কৃষি।
জাতীয় দৈনিকের বরাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২৩-২৪) রবি মৌসুমে ৫০ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ কোটি ২২ লাখ টন। এছাড়া ৩ লাখ ২৩ হেক্টর জমিতে গম, ৪ লাখ ৬২ হাজারে আলু, ৬ লাখ ২৯ হাজারে শাকসবজি, ৬ লাখ ২২ হাজারে ডালশস্য, ১৪ লাখ ২ হাজারে তেলবীজ, ২ লাখ ৬০ হাজারে পেঁয়াজ, ৭৭ হাজারে রসুন ও ১ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে মরিচ আবাদের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে।
অর্থবছরের প্রায় শেষের দিকে চলে এলেও হাতে লক্ষ্যমাত্রা পূরণ করা অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যেই ফসলের অপ্রাপ্যতা এবং বাজারে দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
এল নিনোর প্রভাব কেবল কৃষি জমিতেই সীমাবদ্ধ নয়। এর কারণে দেশে জলোচ্ছ্বাস, বন্যা খরা এসব ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। দেশের অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলপত্রে উল্লেখ করা হয়, ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের ৪৭ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে।
২০১৯ সালের অর্ধবার্ষিকী প্রতিবেদনের হিসাব মতে, দেশের ২৩টি জেলা থেকে প্রায় ১৭ লাখ মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে। যার বেশিরভাগই ঘটেছে বিভিন্ন উপকূলীয় জেলাগুলোতে। ২০৫০ সাল নাগাদ দেশে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা হওয়ার ঝুঁকি রয়েছে প্রায় দেড় কোটি। এছাড়াও প্রায় দুই কোটি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। জলবায়ু পরিবর্তনের কারণে মানবপাচারের মতো ঘটনা বাড়ার শঙ্কাও রয়েছে বলে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা ইউএনওডিসির এক প্রতিবেদন থেকে জানা যায়।
জলবায়ুর অ্যাডাপটেশন প্ল্যান অনুযায়ী জলবায়ু তহবিল বাড়ানোর যথেষ্ট গুরুত্ব রয়েছে। ধনীদেশগুলোর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জলবায়ু তহবিল বাড়ানো গেলে ক্ষতি মোকাবিলা করা সহজতর হবে। সেই সঙ্গে এল নিনোর প্রভাব পড়তে পারে এমন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ ও পরিষেবা দেওয়ার পাশাপাশি এই ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে।
এল নিনোর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব পড়ছে। জলবায়ু সংকট থেকে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সমাজ বাদ পড়ছে না। এ অবস্থায় এল নিনোর ভয়াবহ প্রভাবসহ সব ধরনের নেতিবাচক পরিস্থিতি মোকাবিলায় চলমান জলবায়ু পরিবর্তনের কার্যক্রমকে দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়ার পাশাপাশি অভিযোজন কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে।
লেখক: শিক্ষার্থী, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
মানবকণ্ঠ/এফআই

