রাজনীতি কি আদতেই একটি পেশা? এ প্রশ্ন আজ সঙ্গত কারণেই করতে হচ্ছে। কারণ রাজনীতি একটা ব্রত হিসাবেই রাজনীতিবিদরা দেখতেন। দেশের কল্যাণে ও জনগণের স্বার্থে তারা নিজেদের উৎসর্গ করতেন। রাজনীতি জনগণ ও দেশের কল্যাণে এক ধরনের মহান ত্যাগ ও নিষ্ঠার কাজ। তাই রাজনীতিবিদরা জনগণের সম্পদের রক্ষক হবেন। বৈধ ব্যবসা এবং অন্যান্য পেশার আশ্রয় নিয়ে অর্থ-সম্পত্তি অর্জনের অনেক উপায় থাকলেও অর্থ উপার্জনের জন্য রাজনীতি কোনো পেশার আওতায় আসতে পারে না- এমনটাই রাজনীতি বলতে জনগণ বুঝতো।
আমরা নব্বইয়ের দশকেও দেখেছি অধিকাংশ নেতার রাজনীতি ছাড়া কোনো কাজ নেই। এখনকার রাজনীতিবিদরাও বলে থাকেন, স্রেফ জনগণের সেবা করতেই তারা নাকি রাজনীতিতে পা রেখেছেন, অন্য কোনো উদ্দেশ্য নেই! কিন্তু হালে এসব কথা এবং কথার মানুষ হারিয়ে যাচ্ছে। বিশ্বের অন্যান্য অনেক কিছুর মতো রাজনীতির সংজ্ঞাও বদলে যাচ্ছে।
আমরা একটা সময় পর্যন্ত জানতাম, বাম রাজনৈতিক দলগুলোর নেতাদের আয়ের উৎস দলের যেসব সদস্যরা চাকরি বা ব্যবসা করেন তারা তাদের আয়ের একটি অংশ পার্টিকে দেন যাকে ‘লেভি’ বলে। এই লেভি আর শুভানুধ্যায়ীদের চাঁদা মিলে পার্টির নেতাদের মাসিক একটি ফুলটাইমার ভাতা দেয়া হয়। যেটা দিয়ে তারা খুবই সাদাসিধে জীবনযাপন করেন। এখনও এ রীতি চালু আছে। কিন্তু বুর্জোয়া ও ক্ষমতাসীন দলগুলোকে সাহায্য করার জন্য বিভিন্ন ব্যবসায়ী শ্রেণি রয়েছে। তাদের চাঁদায় দলের কর্মকাণ্ড টিকে থাকে।
নব্বই দশক অবধি আমরা দেখেছি অধিকাংশ রাজনীতিবিদদের সাদাসিধে জীবনের অভ্যস্ততা। এবারে প্রায় ১০০ বছর আগের একজন যশস্বী জার্মান সমাজবিজ্ঞানী, দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের ১৯১৯ সালের জানুয়ারি মাসের শেষের দিক দেয়া একটি বক্তব্যেও সূত্র ধরে বলতে হচ্ছে- এখনকার সময়ের রাজনৈতিক নেতারা যুক্তির পথে হাঁটার পরিবর্তে ভোটারদের মন জোগাতে অযৌক্তিক লোকরঞ্জনবাদী প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন। ম্যাক্স ওয়েবারের মতে, ‘একজন সত্যিকারের রাজনীতিবিদের কাছে রাজনীতি একটি পেশা’। একজন নেতা শুধু ক্ষমতার জন্য বুভুক্ষু থাকবেন না।
অন্যদিকে, একজন নেতার থাকতে হবে নৈতিক মেরুদণ্ড এবং নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে ধারণা। এর সঙ্গে যখন বিচার করার যোগ্যতা ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা যুক্ত হবে, তখনই একজন নেতা ইতিহাসের চাকার দিক পরিবর্তনের সক্ষমতা অর্জন করবেন। সাচ্চা নেতা বা রাজনীতিক বলতে তিনি এ ধরনের মানুষের কথা বলেছেন। অন্যদিকে আমাদের রাজনীতির শুরু থেকে যে চিত্র দেখা যায় সেটা হলো- দেশও দশের জন্য একটি সমর্পিত জীবন।
ব্রিটিশ আমল থেকে রাজনীতিবিদদের আমলনামা দেখলে অবাক হতে হয়। নিজের সম্পত্তি বিক্রি করে রাজনীতি বা নিজের সম্পত্তি বিলিয়ে দেয়া এমন অনেক নিদর্শন রয়েছে। ফুলটাইম সব পলিটিশিয়ান ছিলেন তখন। অনেকের পেশা থাকলেও তা ছিল আইনজীবী, শিক্ষক ইত্যাদি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের পরের হিসাব করলে দেখা যায় রাজনীতিতে কাদের আধিক্য বেশি ছিল- ১৯৭৩ সালের নির্বাচনে সংসদ সদস্যদের মধ্যে ছিলেন ৩১ শতাংশ আইনজীবী। ২০১৮ সালের নির্বাচনে তাদের সংখ্যা কমে মাত্র ১০ শতাংশে দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের মধ্য থেকে ১৯৭৩ সালের নির্বাচনে সংসদ সদস্য ছিলেন ১৮ শতাংশ, ২০১৮ সালে তা বেড়ে ৬১ শতাংশ হয়েছে (২০১৮ সালের নির্বাচনের মনোনয়ন ধরে হিসাব করা হয়েছে)। কৃষক পরিবারের সদস্যদের মধ্য থেকে ১১ শতাংশ থেকে নেমে মাত্র ৫ শতাংশে দাঁড়িয়েছে। শিক্ষকদের ক্ষেত্রে ১২ শতাংশ থেকে মাত্র ২ শতাংশে নেমে এসেছে এবং অন্যান্য পেশার সংসদ সদস্য ২৮ শতাংশ থেকে নেমে এসেছে ২২ শতাংশ। [তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার, ০৩.১২.১৮)
একাদশ জাতীয় সংসদের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ও কোটিপতি সংসদ সদস্যের সংখ্যা বেড়েছে বলে নির্বাচনের পরে গত ২৩ জানুয়ারি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছিল সুশাসনের জন্য নাগরিক (সুজন)। তাদের তথ্য মতে, ৬৭ শতাংশ ব্যবসায়ী ও প্রায় ৯০ শতাংশই কোটিপতি বলে জানিয়েছে সংগঠনটি। নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানানো হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছিল।
ওই সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, নির্বাচিত ২৯৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০০ জনের পেশা ব্যবসা। একাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ছিলেন ১৮৫ জন বা মোট সংসদ সদস্যের ৬১ দশমিক ৬৬ শতাংশ। প্রতিবেদন বলা হয়, এই সংসদ সদস্যদের মধ্যে ১৯৩ জনের পাঁচ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। এছাড়া ২৬৯ জনের রয়েছে ১ কোটি টাকার বেশি সম্পদ, যা শতকরা হিসেবে ৮৯ দশমিক ৯৭ শতাংশ। একাদশ জাতীয় সংসদে কোটিপতি সংসদ সদস্যের পরিমাণ ছিল ২৪৭ জন বা ৮২ দশমিক ৩৩ শতাংশ।
এই পরিসংখ্যান থেকে এটাই প্রতীয়মান হয় যে, রাজনীতিতে বিনিয়োগ করলেই অনেক বেশি লাভবান হওয়া যায়। যে কারণে ব্যবসায়ীদের আধিক্য অনেক বেশি।
এছাড়াও ব্যবসায়ীরা রাজনীতিতে এসে টাকাকে এত সুলভ করেছে যে, বিজয়ী হয়ে ওই টাকা তাকে কোনো না কোনোভাবে আয় করতে হয়। ফলে অর্থের কারণে জনগণ নিরর্থক হয়ে যায়। একজন রাজনীতিকের নির্বাচনী খরচ, জীবনযাপনের স্টাইল এতটাই বদলে গেছে যে এদের জীবনাচার দেখলে বিস্মিত হতে হয়। এত ব্যবসায়ী, কোটিপতিদের ভিড়ে রাজনীতির যে বড় বিষয় জননীতি সেটা হারাতে বসেছে।
এক একজন রাজনীতিকের বিরুদ্ধে বর্তমানে যত অভিযোগ শোনা যায় এটা আগে ছিল না। একজন নেতা নির্বাচিত হয়ে এলাকায় পড়ে থাকতেন। এখন সবাই ঢাকায় থাকেন। জনগণ তাদের আশপাশে আসতে পারে কিনা সন্দেহ। তবে ছাত্ররাজনীতি থেকে যারা রাজনীতিতে এসছেন বা ‘বাই বর্ন পলিটিশিয়ান’ তাদের ব্যাপার আলাদা। কিন্তু সে সংখ্যা খুবই কম। এখন ব্যবসায়ীদেরই আধিক্য, আধিক্য কোটিপতিদের।
গত কিছুদিন আগে একটি উপজেলার নির্বাচন দেখতে গিয়ে বিস্মিত হয়েছি। নির্বাচন কমিশনের বিধিবদ্ধ নিয়ম আর নির্বাচনী খরচের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। জননীতিশূন্য হয়ে যাচ্ছে রাজনীতি। নব্বইয়ের দশকে অধিকাংশ দলের নেতাদের বাড়িতে কত কাজে এলাকা থেকে লোকজন আসতো। তারা নেতার বাসায় থাকতো খেতো, নেতা তার কাজের খোঁজ নিতেন, দরকার হলে যথাযথ বিভাগকে বলে দিতেন। আবার যাওয়ার খরচও নেতা দিয়ে দিতেন। এখন এসব বিষয় গল্পের মতো মনে হয়। রাজনীতি থেকে জননীতি চলে গেলে রাজনীতি আর রাজনীতি থাকে না।
জেনারেল জিয়াউর রহমান একবার বলেছিলেন, ‘আই শ্যাল মেক পলিটিকস ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস।’ কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে যে তিনি এ কথা বলেননি এটা সবাই বোঝেন। তিনি রাজনীতিকে সামরিক-বেসামরিক আমলা, তস্কর ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন সুবিধাবাদের গর্ভে ডুবে যাক বাংলাদেশের রাজনীতি। আজকের রাজনীতির চিত্রটা কেমন হয়ে উঠছে? জনগণ, জননীতি কোন অবস্থায়? রাজনীতিতে ব্যবসায়ীরা প্রবেশ করছে ক্রমবর্ধমান হারে। কিন্তু কেন? সংসদ সদস্য হতে আগ্রহীরা কোটি কোটি টাকা ‘বিনিয়োগ’ করেন এবং নির্বাচিত হওয়ার পর তার বহুগুণ কামাই করেন তাদের পদ-পদবিকে কাজে লাগিয়ে।
আমাদের বর্তমান ও নিকট অতীতের সংসদ সদস্যদের অনেককেই মাত্র পাঁচ বছরের মেয়াদকালেই বিরাট অর্থ-বিত্তের মালিক হতে দেখা গেছে। সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের ভাষায়, ‘রাজনীতি আর এখন জনসেবা নয় এটি এখন অনেকটাই ব্যক্তি-গোষ্ঠী-কোটারি সেবার উত্তম উপায়। অতীতের ত্যাগী নেতাদের অনেকেই এখন রাজনীতি থেকে হয় বিতাড়িত হয়েছেন, না হয় নিজেরাও রাজনৈতিক ব্যবসায়ীতে পরিণত হয়েছেন। ‘গ্রেসামস ল’ আমাদের রাজনীতিতেও কাজ করছে খারাপ রাজনীতিবিদরা ভালো রাজনীতিবিদদের ক্রমাগতভাবেই রাজনৈতিক অঙ্গন থেকে বিতাড়িত করছেন। এ প্রক্রিয়ায় রাজনীতি হয়ে পড়েছে বহুলাংশে নীতি-আদর্শ বিবর্জিত একটি স্বার্থান্বেষী কার্যক্রম।
বস্তুত আমাদের দেশে আদর্শিক রাজনীতির মৃত্যু ঘটেছে।’ তাই তো রাজনীতিতে যুক্ত হতে ব্যবসায়ীরা, বিশেষত কালো টাকার মালিক ব্যবসায়ীরা উন্মুখ হয়ে থাকেন। কারণ রাজনৈতিক মুখোশ পরলে অতি সহজেই কালো টাকা সাদা করা যায়। রাজনীতিতে অধিক হারে ব্যবসায়ীদের প্রবেশের কারণে আমাদের দেশে শুধু রাজনীতির ব্যবসায়ীকরণই হয়নি, ব্যবসায়েরও রাজনীতিকরণ হয়েছে। ফলে রাজনীতি এবং ব্যবসা কোনোটাই সঠিকভাবে চলছে না।
গত শনিবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশস্থল পরিদর্শন শেষে এক সময়ের তুখোড় ছাত্রনেতা-বাই বর্ন পলিটিশিয়ান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- রাজনীতি করলে কি ব্যবসা করার অধিকার থাকবে না? রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে? চাঁদা তুলে পরিবার চালাবে? রাজনীতিবিদরা সৎ ব্যবসা করলে আমাদের আপত্তি নেই। অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স।’
তিনিই ২০২০ সালে ১১ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন। ওবায়দুল কাদের সেদিন বলেছিলেন “রাজনীতি মহান ব্রত, এটা কোনো পেশা নয়। সাধারণ জনগণ নিষ্ক্রিয় থাকলেও তাদের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক নেতাকর্মীদের সক্রিয় থাকতে হয়। রাজনৈতিক নেতাকর্মীরা হলো জনগণের স্বার্থ রক্ষার অতন্দ্র প্রহরী।’
তার বক্তব্যের মধ্য দিয়ে ২০২০ সালে আমরা দেখি রাজনীতি একটি ব্রত, এটা পেশা নয়। আবার সম্প্রতি তিনি বলেছেন, রাজনীতিবিদরা সৎ ব্যবসা করলে আপত্তি নেই। ব্যবসায় সততা সারাদেশে নেই। সিন্ডিকেটের অবাধ রাজত্ব। এ প্রক্রিয়ায় আমাদের রাজনৈতিক অঙ্গন ক্রমাগতভাবে কলুষিত হয়েছে। যার মাধ্যমে দেশের সাধারণ মানুষের এবং অন্য অনেক শ্রেণির স্বার্থহানি হয়। রাজনীতিতে বেড়েছে টাকার খেলা, এটা আমাদের কলুষিত রাজনীতিরই ফসল। এক সময় আমরা দেখেছি মানুষ সম্পত্তি বিক্রি করে দল করে, আর এখন দলের ইমেজ ব্যবহার করে সম্পত্তি গড়ে। রাজনীতি এতটাই বিত্তনির্ভর হয়ে গেছে যে এখানে জণগণকে আর খুঁজে পাওয়া যাবে না।
এক সময় রাজনীতিবিদদের সন্তানদের অনেকে বাবার পেশা কি জানতে চেয়ে বিস্মিত হতেন। কারণ রাজনীতিবিদের সন্তানরা যখন বলতেন বাবা রজনীতি করেন তখন অনেকেই ভাবতেন তাহলে সংসার চলে কিভাবে? কিন্তু আজকের বাস্তবতায় সেটা একটি রীতিমতো গল্পে পরিণত হয়েছে। যে কারণে দেশের এত উন্নয়নের মধ্যে সিন্ডিকেট, দুনীতির কারণে জনগণ চিড়ি-চ্যাপ্টা হচ্ছে। আর প্রতিনিয়ত একটি বিত্তবান শ্রেণি গড়ে উঠছে। যাদের কাছে রাজনীতির বিষয়টা একদম আলাদা। যেখান থেকে জননীতি প্রায় উধাও। এটাকে ফিরিয়ে না আনলে রাজনীতিতে জনসেবা, জনগণ উধাও হয়ে যাবে। যেটা ভালো লক্ষণ নয়।
মানবকণ্ঠ/এফআই

