ভারতীয় কূটনীতিকরা কানাডার মাটিতে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, অপহরণ, জবরদস্তি ও হয়রানির মতো ‘অপরাধমূলক কর্মকাণ্ডে’ জড়িত এমন অভিযোগ করার পর ভারত ও কানাডার সম্পর্ক ইতিহাসের সর্বনিন্ম পর্যায়ে নেমে এসেছে। এর প্রতিক্রিয়ায় কানাডা দেশটিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারসহ ভারতের ছয়জন কূটনীতিককে বহিষ্কার করেছে। তারা নানা ধরনের হুমকিমূলক আচরণে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে কানাডা। ভারতও পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার ছয়জন কূটনীতিককে বহিষ্কার করেছে।
কানাডার এই বিবৃতি আন্দোলনকর্মী ও পশ্চিমা কর্মকর্তাদের সেই অভিযোগকে উসকে দিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকার বিদেশের মাটিতে, বিশেষ করে কানাডা ও যুক্তরাষ্ট্রে দমন-পীড়ন কর্মকাণ্ড পরিচালনা করছে এবং ভারত রাষ্ট্রের সমালোচকদের তারা লক্ষ্যবস্তু বানাচ্ছে। কানাডার এই অভিযোগকে ‘হাস্যকর’ বলে খারিজ করে দিয়েছে ভারত। উল্টো অভিযোগ করেছে, এটা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভোটে জেতার রাজনৈতিক এজেন্ডা। তবে এ ক্ষেত্রে বলে রাখা ভালো যে কানাডার রাজনীতিতে ২০১৫ সালের সাধারণ নির্বাচনের পর মন্ত্রিসভা এবং হাউস অব কমন্সে শিখদের শীর্ষ প্রতিনিধিত্ব ঘটে। জাস্টিন ট্রুডো সেখানে কোনোমতে শিখদের আওতার বাইরে যেতে পারবেন না। ২০২৪ সালের একটি জরিপে ইঙ্গিত দেয়া হয়েছে যে কানাডার শিখদের ৫৪% কনজারভেটিভ, ২১% লিবারেল এবং ২০% ঘউচ-কে আগামী সাধারণ নির্বাচনে ভোট দেবে।
সেখানে শিখদের ঘটনার বাইরে থেকে কোন দেশের সঙ্গে সম্পর্ক রাখা আদৌ সম্ভব না। কিন্তু এর আগে কানাডা-ভারত সম্পর্কের টানাপড়েনের বিষয়টি একবার মনেকরা যেতে পারে। ঘটনার সূত্রপাত হয় গত বছরে ব্রিটিশ কলাম্বিয়ায় একটি শিখ মন্দিরেরবাইরে শিখ আন্দোলনকর্মী হারদীপ সিং নিজ্জরকে হত্যা করে একদল দুর্বৃত্ত। তার আগে ২০২০ সালের একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ কানাডার কাছে নিজ্জরকে হস্তরের করার দাবি জানিয়েছিল। কারণ ভারতের দাবি নিজ্জর ভারতের পাঞ্জাব রাজ্য ভেঙে খালিস্তান নামে একটি স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। খালিস্তানিদের আন্দোলন ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এই আন্দোলনের অধিকাংশ নেতা বিদেশে বাস করা পাঞ্জাবি।
গত বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী ট্রুডো নজিরবিহীনভাবে প্রকাশ্যে বিবৃতি দেন যে নিজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টরা জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ আছে। ভারত দৃঢ়ভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে। ভারতীয় কর্তৃপক্ষ এ অভিযোগকে অবাস্তব বলে অভিহিত করে পাল্টা অভিযোগ করে যে কানাডা সন্ত্রাসীদের ও ভারতবিরোধী লোক যারা ভারত রাষ্ট্রের জন্য হুমকি, তাদেরকে আশ্রয় দিয়েছে। এরপর ভারত কানাডার জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করে এবং দিল্লি দূতাবাস থেকে ৪১ জনকে বের করে দেয়। কানাডিয়ানদের জন্য সব ধরনের ভিসা আবেদনও স্থগিত করে।এ বছরের শুরুর দিকে কানাডিয়ান পুলিশ নিজ্জর হত্যার সঙ্গে জড়িত স্কোয়াডে যুক্ত থাকার অভিযোগে তিনজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে।
কানাডার পুলিশ বলেছিল, ‘ভারত সরকারের সঙ্গে ওই তিনজনের কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে তদন্ত করেছে তারা।’ ভারত সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছিল, ভারতকে দোষ দেয়ার ক্ষেত্রে কানাডার একটা ‘রাজনৈতিক বাধ্যবাধকতা’ আছে। সম্প্রতি কানাডিয়ান পুলিশ একটি বিস্ফোরক প্রেস কনফারেন্সে দাবি করে করে যে তারা তথ্যপ্রমাণ উদ্ঘাটন করেছে যে ভারতের জ্যেষ্ঠ কূটনীতিক ও দূতাবাসের কর্মকর্তারা হত্যা, নিগ্রহ ও কানাডিয়ান শিখদের হুমকি দেয়ার সঙ্গে জড়িত ‘অপরাধীদের নেটওয়ার্কের’ সঙ্গে যুক্ত। তারা আরও বলেছে যে, তারা এটা বিশ্বাস করে যে ভারতীয় এজেন্টরা ভারতীয় কুখ্যাত মাফিয়া বস লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্যদের সঙ্গে মিলে টার্গেট করা ব্যক্তিদের ওপর হামলা ও হত্যার মতো অপরাধ করেছে। তাদের কাছে এই তথ্যপ্রমাণ আছে যে কানাডায় নিযুক্ত ভারতের জ্যেষ্ঠ কূটনীতিক সঞ্জয় কুমার ভার্মা ও দূতাবাসের কর্মীরা নিজ্জর হত্যার সঙ্গে জড়িত ছিলেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে বসবাসকারী সামনের সারির আরও কয়েকজন খালিস্তানি শিখ নেতা জানিয়েছেন যে তাদের জীবননাশের হুমকি দেয়া হয়েছে। একদিকে খালিস্তান আন্দোলন ভারতে নিষিদ্ধ।
আবার ২০২০ সালের একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ কানাডার কাছে নিজ্জরকে হস্তরের করার দাবি জানানো এবং তাকে কানাডায় বসে কে বা কারা হত্যা করেছে। সব মিলেমিশে কানাডা দায় দিচ্ছে ভারতকে অন্যদিকে ভারত এ দায় নিতে রাজী নয়। সব মিলে এ সংকট সহজ কোনো বিষয় নয়। এবারে খালিস্তান আন্দোলনের গোড়ার কথা বললে ভারতের অবস্থানটা স্পষ্ট হবে। ব্রিটিশ শাসনামলে পাঞ্জাবে দুটো আন্দোলন গড়ে উঠিছিল। ভারতবর্ষ ভাগের পর শিখদের স্মৃতিবিজড়িত পাঞ্জাব প্রদেশ দুই ভাগ হয়ে যায়। এক অংশ ছিল ভারতে, আরেক অংশ পাকিাস্তনে। এই ভাগকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সাম্প্রদায়িকদায়িক দাঙ্গা শুরু হয়েছিল। শিখরা এই ভাগের ফলে নিজেদের প্রতারিত ভাবতে শুরু করে। ভারতের স্বাধীনতা অর্জনের পর পরই শুরু হয় ‘পাঞ্জাবি সুবাহ্ আন্দোলন’। এই আন্দোলনের দাবি ছিল পাঞ্জাবি ভাষার উপর ভিত্তি করে একটি আলাদা প্রদেশ তৈরি করতে হবে।
প্রথমদিকে এই দাবিকে গুরুত্ব দেয়া হলেও অব্যাহত প্রতিবাদের পর ১৯৬৬ সালে ভারতের ‘স্টেটস রিকগনাইজেশন কমিশন’ এই দাবি গ্রহণ করে। তবে এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে হিমাচল ও হরিয়ানা নামে দুটো হিন্দিভাষী প্রদেশ তৈরি করা হয়েছিল। ১৯৭৩ সালে খালসা মতাদর্শের জন্মস্থান আনন্দপুর সাহিবে দলের নেতারা একত্রিত হন এবং ‘আনন্দপুর সাহিব প্রস্তাবনা’র ঘোষণা দেন। এই প্রস্তাবে কিছু দিক ছিল খালিস্তান প্রতিষ্ঠার পদক্ষেপ। এরপরই প্রেক্ষাপটে আবির্ভাব ঘটে জারনেইল সিং ভিন্দ্রানওয়ালে নামের এক ধর্মীয় ব্যক্তিত্বের। তিনি চেয়েছিলেন শিখদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। অল্প সময়ের মধ্যেই তার বিশাল সমর্থন গয়ে ওঠে। ১৯৮২ সালের গ্রীষ্মে আকালি দলের নেতৃত্বের সমর্থনে জারনেইল সিং ভিন্দ্রানওয়ালে একটি আইন অমান্য আন্দোলন গড়ে তোলেন পাঞ্জাবে। তিনি নিজে অমৃতসরের স্বর্ণমন্দিরে আশ্রয় নেন এবং সেখান থেকেই পুলিশের সাথে তার অনুসারীদের সংঘাত ও দাবি আদায়ের মিছিলের নেতৃত্ব দিতে থাকেন।
১৯৮৪ সালে পাঞ্জাবের পরিস্থিতি আরও বাজে দিকে মোড় নেয়। জারনেইল সিং আন্দোলনরত শিখদের অস্ত্র হাতে নেয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবার আর কোনো উপায় না পেয়ে সেনাবাহিনীকে শিখ উগ্রপন্থিদের হাত থেকে স্বর্ণমন্দির মুক্ত করা এবং জারনেইল সিংকে গ্রেপ্তার করার নির্দেশ দেন।
ফলে সেনাবাহিনী ‘অপারেশন ব্লু স্টার’ শুরু করে। শিখদের প্রতিরোধ এত বেশি ছিল যে, একপর্যায়ে সেনাবাহিনী ট্যাংক ও বিমান থেকে গোলাবর্ষণের সহায়তা নিতে হয়। এই সামরিক অভিযানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের হিসেবে দুপক্ষ মিলিয়ে হতাহতের সংখ্যা তিন হাজারেরও বেশি বলে উল্লেখ করা হয়েছিল। সেনাবাহিনীর সামরিক অভিযানে শিখদের নেতা জারনেইল সিং ভিন্দ্রানওয়ালে নিহত হন। সে বছরেরই ৩১ অক্টোবরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দুজন শিখ দেহরক্ষীর হাতে নিহত হলে শিখদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতা সংঘটিত হয়, যাতে প্রায় আট হাজার শিখ নিহত হন। ১৯৯৫ সাল পর্যন্ত পাঞ্জাবে খালিস্তান আন্দোলনকেন্দ্রিক সহিংসতা চলমান ছিল। ভারত সরকার খালিস্তান আন্দোলনকে কখনও আমলে নেয়নি। কিন্তু শিখরা এ আন্দোলনে যে এখনো সক্রিয় সেটাও সত্যি।
ভারত খালিস্তান আন্দোলনকে নিষিদ্ধ করেছে বেশ আগেই। কিন্তু কানাডায় নিজ্জর সিং হত্যার মধ্য দিয়ে খালিস্তান আন্দোলন আবার সামনে এলো। এ ঘটনাপ্রবাহের উল্লেখযোগ্য ভূরাজনৈতিক প্রভাব থাকতে পারে। ভারতকে একটা ক্রমবর্ধমান পরাশক্তি হিসেবে দেখা হচ্ছে এবং দেশটি পশ্চিমা দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও অর্থনৈতিক মিত্র। ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক এখন পুরোপুরি ভেঙে পড়েছে। খুব তাড়াতাড়ি সেটার উন্নয়ন হবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কানাডা বলেছে তারা নিজ্জর হত্যাকাণ্ডের তদন্ত এবং ভারতের অব্যাহত সহিংসতার অভিযোগগুলো ফাইভ আইসের সঙ্গে সমন্বিতভাবে তদন্ত করবে।
ফাইভ আইস হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের গোয়েন্দা তথ্য আদান-প্রদানের সংস্থা। এ ঘটনাপ্রবাহের উল্লেখযোগ্য ভূরাজনৈতিক প্রভাব থাকতে পারে। ভারতকে একটা ক্রমবর্ধমান পরাশক্তি হিসেবে দেখা হচ্ছে এবং দেশটি পশ্চিমা দেশ যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও অর্থনৈতিক মিত্র। যাহোক, এই সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে, যদি সত্যি সত্যি এই অভিযোগের প্রমাণ পাওয়া যায় যে মোদি সরকার বিদেশের মাটিতে দমনপীড়নের সঙ্গে জড়িত। এর শেষ কোথায় সেটা এখনও বোঝা যাচ্ছে না।
লেখক: সাংবাদিক ও গবেষক

