দেড় দশকের জুলুম-নিপীড়ন, দুর্নীতি, দুঃশাসন এবং নৃশংসতার কালো অধ্যায় অতিক্রম করে কালো রাজপথে লাল রক্তের ফুল বিছিয়ে দেশকে জিঞ্জিরমুক্ত করেছে ছাত্র-জনতার যৌথ সংগ্রাম। জুলাইয়ে কোটা আন্দোলনের মধ্য দিয়ে ছাত্ররা যে কিশতি নিয়ে সংগ্রামের যাত্রা শুরু করেছিল, তা ৫ আগস্ট হাজারো মানুষের আত্মত্যাগ সঙ্গে নিয়ে বন্দরে ভেড়ে এবং জগদ্দল কর্তৃত্ববাদী স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। ছাত্র-জনতার সফল এই বিপ্লব-পরবর্তী বাংলাদেশ কেমন হবে এবং কীভাবে পরিচালিত হবে- তা নির্ভর করছে বিপ্লবের আকাক্সক্ষার উপরে। সুতরাং, ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা কী ছিল তা নিরূপণ করাটা বাংলাদেশের গন্তব্য নির্ধারণের মূল বিবেচ্য বিষয়।
এই আন্দোলনটা ততদিন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল, যতদিন পর্যন্ত শুধু ছাত্রদের কোটা সংস্কারের দাবিই ছিল একমাত্র কথা। কিন্তু যখনই কোটা সংস্কার আন্দোলন বৈষম্যবিরোধী আন্দোলনে রূপান্তরিত হলো, তখন যেন পুরো বাংলাদেশের স্বার্থ ঐ একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে গেলো। ভিন্ন ভিন্ন শ্রেণির মানুষ ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে মাঠে নামলেও সকলের উদ্দেশ্য ছিল বৈষম্যের বিরোধিতায় কেন্দ্রীভূত। ছাত্ররা যেখানে কোটার মধ্যে বৈষম্য দেখেছে, সাধারণ মানুষ তাদের ভোটাধিকার এবং কথা বলার অধিকারহীনতার মধ্যে বৈষম্য দেখেছে, বিরোধী গণতান্ত্রিক দলগুলো গণতন্ত্রহীনতায় বৈষম্য দেখেছে, ধর্মীয় সংগঠনগুলো তাদের স্বাধীনভাবে ধর্মপালনের প্রতিবন্ধকতায় বৈষম্য দেখেছে এবং নিপীড়িত-নির্যাতিত মানুষেরা আইনের শাসনহীনতায় বৈষম্য দেখেছে।
সুতরাং, আন্দোলনটা জুলাইয়ে শুরু হলেও এর প্রেক্ষাপট রচিত হয়ে আসছে ২০০৯ সাল থেকেই। নিশ্চিতভাবেই, ২০০৯ সালের তথাকথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে ৫৭ জন সেনা অফিসার নিহত না হলে সাবেক অফিসাররা আন্দোলনে সক্রিয় হতেন না, জামায়াত-শিবিরের হাজার হাজার নেতাকর্মী গুম-খুনের শিকার না হলে এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া না হলে জামায়াত-শিবির ময়দানে থাকতো না, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুম-খুনের শিকার না হলে এবং গণতান্ত্রিক অধিকারহীনতায় না ভুগলে ময়দানে দাঁড়াতো না, সাধারণ মানুষের ভাতের ও ভোটের অধিকার খর্ব না হলে তারাও মাঠে থাকতো না এবং খেটে খাওয়া মানুষের জীবনধারণে নাভিশ্বাস না উঠলে তারাও ছাত্রদের কাতারে উঠে আসতো না।
সুতরাং, এই বিপ্লবের আকাঙ্ক্ষা হলো আইনের শাসন, সাম্য এবং ন্যায়বিচারের ভিত্তিতে মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করা। কিন্তু এই মানবিক মর্যাদার বাংলাদেশ গঠনে বর্তমান সংবিধানই যে সবচেয়ে বড় বাঁধা- তা সর্বজনস্বীকৃত। ৭২’র সংবিধান স্বাধীন বাংলাদেশে আপামর জনতার আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলেই সেই সংবিধান অনুসারে গঠিত প্রথম সরকার স্বৈরাচারে রূপান্তরিত হয়। সংবিধানে তৎকালীন সরকারকে গণতন্ত্র রক্ষায় উদ্বুদ্ধ করার মতো রক্ষাকবচ ছিল না, মানবাধিকার লঙ্ঘনের জন্য সরকারকে প্রশ্ন করার মতো অনুচ্ছেদ সংবিধানে থেকেও বাস্তবে রূপদানে গড়িমসির ফাঁকফোকরও ছিল। একই সংবিধান বারবার করে কাটাছেঁড়া করার পরও দু’দুটো স্বৈরাচার দেশকে শোষণ করেছে। সুতরাং, এই সংবিধান পরিবর্তন বা বস্তুগত সংশোধনই আপাতত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা।
কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকার এবং বিএনপি সংবিধান পরিবর্তনের বিষয়ে মতানৈক্যের পর্যায়ে পৌঁছে গেছে। সরকার চায় সংস্কার, বিএনপি চায় নির্বাচন; সরকার চায় সংবিধান সংস্কার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন- অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কারের এখতিয়ার নেই। বিএনপি যে এখতিয়ারের কথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে শোনাচ্ছে, সেটা বর্তমান সংবিধানের ভিত্তিতে। কিন্তু ছাত্র প্রতিনিধিরা বলছেন- ছাত্র-জনতার অভ্যুত্থান এই সংবিধান মেনে হয়নি, সুতরাং এসব কথার ভিত্তি নেই। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন- বিএনপি রাষ্ট্রপতির অপসারণ চায় না; এতে সাংবিধানিক সংকট তৈরি হবে। সুতরাং বোঝাই যাচ্ছে, বিএনপি বর্তমান সংবিধানেই আস্থা রাখতে চাইছে।
বিপ্লবের ঐক্যবদ্ধ শক্তির মধ্যে এই যে ফাটল, তাতে বলতে গেলে সাংবিধানিক সংকট তৈরি হয়েই গেছে। কিন্তু, এই সাংবিধানিক সংকটটি মূলত রাজনৈতিক সংকট, রাজনৈতিক সমাধানই এখানে একমাত্র সমাধান। অর্থাৎ, জাতীয় রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে গ্রহণযোগ্য সংবিধান প্রণীত হলে তা কোনো সংকটই তৈরি করবে না, বরং তা রাজনৈতিক স্থিতাবস্থা নিয়ে আসবে। বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে-‘সংবিধান সংস্কারের এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই’- তা প্রচলিত সংবিধান অনুসারে সঠিক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই এই সংবিধান পরিবর্তন করা সম্ভব, তবে সংশোধন করা সম্ভব নয়। কারণ, সংবিধান সংশোধন করা মানে বর্তমান সংবিধান মেনে নেওয়া। আর বর্তমান সংবিধান জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কাউকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেয়নি।
তবে কিছু প্রক্রিয়া অবলম্বন করে এই সরকারই সংবিধান পরিবর্তন করতে পারে। আবার বর্তমান সংবিধান মেনে সংবিধান পরিবর্তন করাও সম্ভব নয়। কারণ, ৭(ক) অনুচ্ছেদে এক প্রকার হুঁশিয়ার করে বলা আছে- “কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক উপায়ে- এই সংবিধান বা এট কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করলে কিংবা তা করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে; কিংবা এই সংবিধান বা এর কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করলে কিংবা তা করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে- তার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হবে এবং ঐ ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবে। কোনো ব্যক্তি এমন কোনো কার্য করতে সহযোগিতা বা উস্কানি প্রদান করলে; কিংবা কাজ অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করলে- তা এরূপ কাজও একই অপরাধ হবে। এটি বিবেচনায় নিতে গিয়েই সংবিধান পুনর্লিখনের সিদ্ধান্তটি গৃহীত হয়েছে।
সাধারণত ৫টি নিয়মে সংবিধান প্রতিষ্ঠা করা যায়। তার মধ্যে বাংলাদেশের জন্য দুটো পথ খোলা রয়েছে। প্রথমত, অভ্যুত্থানকারী ছাত্র-জনতা বিপ্লবী সরকার গঠন করে সম্পূর্ণ নিজেদের ঐকমত্যের মাধ্যমে জনমুখী সংবিধান প্রণয়ন করতে পারে। ১৯১৭ সালে রাশিয়ায় বলশেভিক বিপ্লব সংঘটিত হওয়ার পরে বিপ্লবী সরকার সংবিধান প্রণয়ন করেছিল। ১৯৬২ সালে প্রণীত পাকিস্তানের সংবিধানও ছিল বিপ্লবের মাধ্যমে অর্জিত শাসনতন্ত্র। দ্বিতীয়ত, যেহেতু আইনসভা অনুপস্থিত, সুতরাং গণপরিষদের মাধ্যমে সংবিধান প্রণীত হতে পারে। ৭২’র সংবিধানও গণপরিষদের মাধ্যমে গৃহীত হয়েছিল। সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারকে এই দুটো পদ্ধতির একটি অবলম্বন করতে হবে। যার কারণে বলা যায়, বর্তমানে তৈরি হওয়া সংকটটি আপাতদৃষ্টিতে সাংবিধানিক মনে হলেও মূলত রাজনৈতিক।
এই সংকটটি রাজনৈতিক প্রতিযোগিতায় কৃত্রিম সংকট হিসেবে দেখা দিচ্ছে। বাস্তবতার নিরিখে দেখলে বলতেই হবে, শুধু ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থান সংঘটিত হয়নি। এর আগেও অনেকবার ক্ষমতার পালাবদল হলেও সংবিধান পরিবর্তনের প্রশ্ন আসেনি। সুতরাং এবারের পরিবর্তনটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, বরং টাখনুভেজা রক্তের মাধ্যমে অর্জিত একটি গোলাপ-এই উপলব্ধিটা আসতে হবে এবং সাদরে গ্রহণ করতে হবে। সংবিধান পুনর্লিখনের এই সিদ্ধান্ত নিতান্তই কোনো আবেগ নয়, বরং সময়ের নিরেট প্রয়োজন।
সংবিধান নিয়ে প্রশ্নের সবচেয়ে বড় জায়গাটি হলো, এই সংবিধান সমাজের প্রতিনিধিত্ব করছে না। ইংল্যান্ডে লিখিত সংবিধান নেই, কিন্তু সমাজে বহুকাল ধরে চলে আসা কাস্টমসকে সম্মান করে চলার কারণে রাষ্ট্রের সঙ্গে সমাজের কোনো দ্বন্দ্ব নেই। সংবিধানে আপনি যে ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, তার ভাষাটা জনগণ হয় বোঝে না, আর নয়তো আপনি ভুল বোঝাতে চাইছেন। সাধারণ মানুষ বরং বোঝে- ‘গ্রামের নওজোয়ান, হিন্দু-মুসলমান/ মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম/ আগে কী সুন্দর দিন কাটাইতাম!’ সামাজিক নর্ম মেনে হিন্দু-মুসলিম একসাথে বাউলা গান গাইতো, কিন্তু আপনার শেখানো ধর্মনিরপেক্ষতায় হিন্দু-মুসলিম পুরো দুই মেরুতে চলে গেলো। যেকোনো তত্ত¡ সমাজকে গেলাতে হলে তার সংস্কৃতিকে শ্রদ্ধা করেই গেলাতে হয়। মানুষকে উপেক্ষা করে যেমন সমাজ হয় না, তেমনি সমাজকে উপেক্ষা করে রাষ্ট্রও চলতে পারে না। সুতরাং, সংবিধানের মূলনীতি পর্যন্ত পরিবর্তনের প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক নয়।
পাশাপাশি, বর্তমান সংবিধানে ক্ষমতা এককেন্দ্রিক করার সুযোগ তৈরি করা আছে বিধায় সহজেই স্বৈরাচার তৈরি হয়ে যায় এবং ভবিষ্যতে আরও তৈরি হওয়া অসম্ভব নয়। ৫৫(২) অনুচ্ছেদ প্রধানমন্ত্রীকে নির্বাহী বিভাগের প্রধান হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আবার, আইনসভার হাউজ লিডারও প্রধানমন্ত্রী। সেই আইনসভার মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন।
আবার ৪৮(৩) অনুচ্ছেদে বলা হচ্ছে, শুধু প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত ব্যতীত সমস্ত সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবেন। কিন্তু আবার বলা হচ্ছে, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী কোনো পরামর্শ দিয়েছেন কি না- সেই ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না! এদিকে ৯৫ অনুচ্ছেদ মেনে অন্য বিচারপতিদের নিয়োগে প্রধানমন্ত্রীর পরামর্শ সরাসরি এবং বাধ্যতামূলকভাবে রাষ্ট্রপতিকে গ্রহণ করতে হবে। কতো ভয়ানক একটা ফাঁক রেখে দেওয়া হলো এখানে যা ব্যবহার করে সহজেই স্বৈরাচার হওয়া সম্ভব। সুতরাং, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রের প্রধান ৩টি বিভাগেরই প্রধান হয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আবার বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলীয় প্রধানই প্রধানমন্ত্রী হয়ে থাকেন। এই মড়ার উপর রয়েছে ৭০ অনুচ্ছেদের ফ্লোর ক্রসিংয়ের খাঁড়ার ঘা।
কোনো সাংসদ তার নিজ দলের বিরুদ্ধে সংসদে ভোট প্রদান করলে বা ভোট প্রদান থেকে বিরত থাকলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সুতরাং রাজনীতিবিদ থেকে আমলা, বিচার বিভাগ থেকে আইন বিভাগ- সবই একজনের ইশারায় চলবে; তিনি হলেন প্রধানমন্ত্রী। একনায়কতন্ত্রের বিরোধিতা গণতন্ত্র দিয়ে চলে, কিন্তু সংবিধান স্বীকৃত এই গণতান্ত্রিক একনায়কতন্ত্রের বিরোধিতা করার মতো কোনো রক্ষাকবচ সংবিধানে উল্লেখ নেই। যার ফলে, কোনো শাসক স্বৈরাচার হয়ে গেলে গণঅভ্যুত্থান ছাড়া ঠেকানোর আর কোনো রাস্তা থাকে না। বারবার দেশের মানুষ নিজেরা শাসিত হওয়ার জন্য রক্ত দেবে কেন? তার চেয়ে এই সংবিধানকে ছুঁড়ে মারলেই তো চলে, এতো দ্বিধাবিভক্তি কেন? তাছাড়া, এই সংবিধানে সবশ্রেণির মানুষের প্রতিনিধিত্ব নেই। সমাজের সকল মতের মানুষের ভাষায় এই সংবিধান কথা বলে না।
৭৭ অনুচ্ছেদে ন্যায়পালের ঘোষণা থাকলেও জবাবদিহিতার ভয়ে নিয়োগ দেয়নি কোনো সরকার এবং এটার বাধ্যবাধকতা রাখাও হয়নি। প্রধানমন্ত্রী পদে নির্বাচনের সীমা বেঁধে না দেওয়ায় রাজবংশের আদলে রাজনৈতিক দল চলে। এক কক্ষবিশিষ্ট আইনসভার কারণে ক্ষমতার পালাবদলের সাথে সাথে পররাষ্ট্রনীতি এবং স্বরাষ্ট্রনীতি দুটোই রূপ বদলায়। এমনভাবে দেশ হাঁটতে-চলতে প্রতি পদে পদে যদি সংবিধানের কাছে হোঁচট খেতে থাকে, তবে সংবিধান পরিবর্তন করাটা বাঞ্ছনীয়। সরকার সংবিধানের এই পরিবর্তনটা পুনর্লিখনের মাধ্যমে করার চেষ্টা করছে।
কিন্তু এই সরকার যদি গণপরিষদের মাধ্যমে সংবিধান প্রণয়ন করতে চায় তবে তার জন্য বেগ পেতে হবে। ১৯৭২ সালের ২২শে মার্চ সংবিধান প্রণয়নের জন্য যে গণপরিষদ গঠন করা হয়েছিল, তা মূলত ৭০’র নির্বাচনে নির্বাচিত গঘঅ এবং গচঅ- দের সমন্বয়ে গঠিত হয়েছিল। কিন্তু ২০২৪ সালে এসে কারা কারা গণপরিষদের সদস্য হবে- তা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপিত হতে পারে। সুতরাং, সংবিধানের এই পরিবর্তনটা কি গণপরিষদের মাধ্যমে হবে, না কি বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে হবে- তা নির্ধারণের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। সংবিধান এখানে কোনো সংকট তৈরি করবে না যদি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে একটি সাবলীল গন্তব্যে পৌঁছানো যায়। সুতরাং, সময়ের মূল প্রশ্নটা হলো- রাজনৈতিক দলগুলো সংবিধান সংস্কারের ব্যাপারে কতটা আন্তরিক?
লেখক: শিক্ষার্থী

