আত্মহত্যা কোনো সমাধান নয়, জীবনের সকল সমস্যার সমাধান আছে। জীবন বহমান নদীর মতো, যেখানে একই সাথে রয়েছে শান্ত জলধারা এবং প্রচণ্ড স্রোত, ঢেউ, বাঁধা। আর জীবনে বাঁধা, কষ্ট মানুষকে এতোটাই হতাশ করে যে মনে হয়, নিজেকে শেষ করে দিলে তবেই মুক্তি মিলবে।
তবে এটাই কি সত্যি? না, স্বেচ্ছামৃত্যু একটি জীবনের সুন্দর পরিসমাপ্তি নয়। জীবন মানেই চ্যালেঞ্জ, প্রতিনিয়ত নিত্যনতুন পরীক্ষার সম্মুখীন হওয়া। যে মানুষ আজ সফলতার চূড়ায়, সেও একদিন অন্ধকারাচ্ছন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। পার্থক্য কেবল একটাই সে হাল ছাড়েনি, সময়ের অপেক্ষা করেছে, নিজেকে শক্ত করে তুলেছে। সফল ব্যক্তিদের দিকে তাকালে দেখা যায়, তারা জীবনে কঠিন সময় পার করেছেন, চরম হতাশার মুখোমুখি হয়েছেন, কিন্তু তারা হাল ছাড়েননি।
উদাহরণস্বরূপ, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েও আলোর আবিষ্কার করতে সফল হোন। তার মতো আরও অনেক মানুষ কঠিন সময় পার করেও জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। জীবনের সমস্যাগুলোর মাঝেই সমাধান লুকিয়ে আছে। পৃথিবীর প্রতিটা মানুষ জীবন সংগ্রামের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। একেকজনের সমস্যা একেক রকম। কারো অর্থনৈতিক সমস্যা, কারো ব্যক্তিগত সম্পর্কের জটিলতা, পড়াশোনার চাপ, ক্যারিয়ারের অনিশ্চয়তা ইত্যাদি।
এ সকল সমস্যার সমাধান হিসেবে যদি আমরা আত্মহত্যাকে বেছে নেই, তবে তা হবে সবচেয়ে বোকামি। কখনো যদি মন ভেঙে যায় তাহলেও ভালো দিনের অপেক্ষা করতে হবে। শীতে পাতা ঝরে যাওয়া বৃক্ষ না মরে যেমন বসন্তের অপেক্ষায় থাকে, তেমনি মানুষের জীবনে বসন্ত আসে। ৬ বছর আগের কোনো কষ্ট যেমন আজ আর আঘাত করে না, একইভাবে আজকের কষ্টও লাঘব হবে ছয় মাস পরেই। আত্মহত্যা করলে পার্থিব জীবনে আর ফিরে আসা সম্ভব হবে না। উইকিপিডিয়া মতে, বাংলাদেশে প্রতিবছর কমপক্ষে ১৩ হাজার থেকে ৬৪ হাজার মানুষ আত্মহত্যা করে।
আত্মহত্যার পথ থেকে সরে আসার অন্যতম উপায় হলো সৃষ্টিকর্তার প্রতি আশাবাদী ও বিশ্বাসী হওয়া। আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা আর তিনিই মৃত্যুদাতা, সুতরাং তার সিদ্ধান্তের উপর ভরসা রাখা প্রয়োজন। নিজের জীবন কেড়ে নেয়ার অধিকার আমাদের নেই। আল্লাহ বলেছেন, “নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি”(সূরা আল ইনশিরাহ, আয়াত ৬)। প্রতিটি সমস্যার সমাধান আসবে, ধৈর্য রাখতে হবে। আপনার চারপাশে তাকিয়ে দেখুন প্রকৃতি, সূর্যের আলো, আকাশ-বাতাস, মানুষের হাসিমুখ সবকিছুই কত সুন্দর! এই সুন্দর জীবনকে উপভোগ করুন। জীবনে দুঃখ আছে, সুখও আছে। খারাপ সময়ে নিজের প্রতি সদয় থাকুন, নিজের যত্ন নিন, পছন্দের কাজ করুন, বই পড়ুন, প্রকৃতির সাথে সময় কাটান, প্রার্থনা করুন। একা থাকবেন না পরিবারের সাথে সময় কাটান, এ কাজগুলো আপনার মানসিক চাপ লাঘব করবে।
আর অতিরিক্ত কষ্ট পেলে যদি মনে হয় আর সহ্য করা যাচ্ছে না, তবে কষ্ট নীরবে না পুষে বিশ্বস্ত মানুষ, বন্ধু বা বিশেষজ্ঞের সাথে শেয়ার করুন, এতে হালকা হবেন। সুপরামর্শ পেলে হতাশা থেকে বেরিয়ে আসতে পারবেন। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সেটি কোনো কিছু শেষ করে দেয় না। ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করুন। বিশ্বখ্যাত লেখক জে. কে. রাওলিং যখন প্রথম তার ‘হ্যারি পটার’ বই প্রকাশের চেষ্টা করেছিলেন, তখন ১২টি প্রকাশনী তাকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু তিনি হাল ছাড়েননি, আজ তার লেখা বই বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে জনপ্রিয়।
আত্মহত্যা প্রতিরোধের জন্য, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়া প্রয়োজন। স্কুল-কলেজ ও কর্মস্থলে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। জীবনমুখী শিক্ষাব্যবস্থা প্রয়োজন, যেখানে একজন শিক্ষার্থী জীবনের প্রতিক‚লতাকে সহজে গ্রহণ করা শিখবে, অল্পতে হতাশ হবে না। শিক্ষার্থীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার মতো উপযোগী শিক্ষাব্যবস্থা প্রয়োজন। জীবনে জড়িত প্রতিটি সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন, কেননা একটি সুন্দর সম্পর্ক সজীব ও প্রাণবন্ত জীবন পরিচালনায় সহায়ক। হতাশাগ্রস্ত ব্যক্তিদের প্রতি সংবেদনশীল আচরণ করা প্রয়োজন। এজন্য নৈতিকতা ও মানবিকতার চর্চা করা জরুরি। নিজের মাঝে অপরের জন্য সহানুভূতি ও সহমর্মিতার মতো গুণগুলো লালন করা প্রয়োজন, তাহলে আমরা অন্যের দুঃখ-কষ্ট উপলব্ধি করতে পারবো এবং তাকে ভরসা দিতে পারবো।
এছাড়া মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সহজলভ্য করা প্রয়োজন যেন প্রত্যেকে নিয়মিত কাউন্সেলিং করিয়ে মৃত্যুর মতো ভয়াবহ সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পারে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি করা প্রয়োজন। জীবনের প্রতি ইতিবাচক মানসিকতা রাখা গুরুত্বপূর্ণ। জীবনকে ভালোবাসুন, আল্লাহ কখনো কাউকে বিপদে ফেলে রাখেন না, সময় হলে আপনার সুখের দরজাও খুলে দিবেন।
“ঝড় আসবে, রাত নামবে/ প্রভাত হবে, আলো আসবে।/ জীবনকে আঁকড়ে ধরো, তোমার জন্যও সুখ আসবে।”
লেখক: শিক্ষার্থী

