ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের কৃতিত্ব নয়; বরং তা দেশের গণতন্ত্রকামী সকল মানুষের সম্মিলিত আত্মত্যাগ ও অবদানের ফল বলে মন্তব্য করেছেন আতিকুর রহমান রুমন। এ আন্দোলনের সফলতা এককভাবে দাবি করে অন্যদের অবদানকে খাটো করার অপচেষ্টা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) যৌথভাবে “বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ” শীর্ষক এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও জ্যেষ্ঠ নেতা জহির উদ্দিন স্বপন।
আলোচনা সভায় আতিকুর রহমান রুমন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামে বছরের পর বছর কারাবরণ করেছেন এবং অমানবিক নির্যাতন সহ্য করেছেন। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ দেড় দশক নির্বাসিত জীবন কাটাচ্ছেন। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব কখনো নিজেদের ব্যক্তিগত ত্যাগকে সামনে এনে একক কৃতিত্ব দাবি করেননি।
তিনি আরও বলেন, “নিজেকে জাহির করার মধ্যে কোনো রাজনৈতিক পরিপক্বতা বা কৃতিত্ব নেই। বিএনপি কখনো দাবি করেনি যে আন্দোলন তারা একা করেছে। যারা আজ একক কৃতিত্বের দাবি করছেন, জনগণ সময়মতো তাদের প্রত্যাখ্যান করবে এবং ইতিহাসও তাদের সঠিক স্থান দেবে না।”
জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আন্দোলনের কঠিন দিনগুলোতে অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে দায়িত্ব পালন করেছেন এবং আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। বহু সাংবাদিক তাঁদের নিজস্ব যানবাহন ও মোটরসাইকেলে তুলে নেতাকর্মীদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার মতো সাহসী ভূমিকা রেখেছেন। এ জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

